২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব-স্মার্ট ইউনিবেটরের’ ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিসহ সাতটি বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2023, 07:31 PM

Updated : 18 Oct 2023, 07:31 PM

বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটির ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব-স্মার্ট ইউনিবেটর’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি।

রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই অনুষ্ঠান থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিসহ সাতটি বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বর্তমান সরকার আজকের বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছে এবং আগামীতে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়।”

এসময় প্রধানমন্ত্রী এসব প্রকল্পের ফলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরো গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

দেশে সফল উদ্যোক্তা তৈরির উদ্দেশ্যে বিশ্বব্যাংক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যেগে ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব-স্মার্ট ইউনিবেটর’ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

ব্যবসায়িক মডেল উদ্ভাবন, বাণিজ্যিকভাবে কার্যকর পণ্য এবং টেকসই বিপণন কৌশল তৈরি, এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও এই প্রকল্পের উদ্দেশ্য।

ব্র্যাক ইউনিভার্সিটি আরও জানায়, ইউনিভার্সিটি ইনোভেশন হাব-স্মার্ট ইউনিবেটর এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে ব্র্যাক ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। এই সময় ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মাহবুব রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ব্র্যাক ইউনিভার্সির্টিতে ইউনিভার্সিটি ইনোভেশন হাব স্থাপন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, “দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একটি উদ্ভাবনী পরিবেশের বিকাশ এবং শিক্ষার্থীদের কর্মোপযোগী করে গড়ে তুলতে এই ইনোভেশন হাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।”

ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মাহবুব রহমান বলেন, “এই ইনোভেশন হাব আমাদের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য একটি উদ্ভাবনী ও সৃজনশীল পরিবেশ প্রদান করবে। এটি তাদের ধারণাগুলোর বাস্তবায়ন এবং নতুন উদ্যোগ সৃষ্টিতে সহায়তা করবে।”