০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

গ্যাস-বিদ্যুৎ সংকটের মধ্যে রপ্তানি বাড়ল ৮.৫৪%, আয় বাড়ায় বিস্মিত এক রপ্তানিকারক

মূলত পোশাক রপ্তানির ওপর ভর করেই সার্বিক রপ্তানি আয় বেড়েছে বলে তথ্য দিয়েছে ইপিবি।

গ্যাস-বিদ্যুৎ সংকটের মধ্যে রপ্তানি বাড়ল ৮.৫৪%, আয় বাড়ায় বিস্মিত এক রপ্তানিকারক

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 09:35 PM

Updated : 01 Oct 2026, 09:50 PM

গ্যাস ও বিদ্যুতের সংকটের মধ্যেও রপ্তানি আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে সেপ্টেম্বরেও। এ মাসে আয় এসেছে ৩৯৩ কোটি ৭২ লাখ ডলার, যা আগের বছরের একই মাসের চেয়ে ৮ দশমিক ৫৪ শতাংশ বেশি।

তবে নানা ধরনের সংকটের মধ্যে অগাস্ট ও সেপ্টেম্বরে রপ্তানি আয়ে প্রবৃদ্ধিতে অবাক হয়েছেন রপ্তানিকারকদের কেউ কেউ। কীভাবে রপ্তানি আয় বাড়ল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বৃহস্পতিবার রপ্তানি আয়ের হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, মূলত পোশাক রপ্তানির ওপর ভর করেই সেপ্টেম্বরে সার্বিক রপ্তানি আয় বেড়েছে। এ মাসে তৈরি পোশাক রপ্তানি করে ৩০৮ কোটি ২৯ লাখ ডলার আয় করেছেন এ খাতের রপ্তানিকারকরা, যা গত বছরের সেপ্টেম্বরের চেয়ে ৮ দশমিক ৫৬ শতাংশ বেশি।

তবে এমন প্রবৃদ্ধির তথ্যে অবাক হয়েছেন নিট পোশাক শিল্পমালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অগাস্টের পর সেপ্টেম্বরে রপ্তানি আয় বাড়ায় আমরা বিস্মিত হয়েছি। গ্যাস ছিল না, বিদ্যুৎ ছিল না। উৎপাদন হয়নি। রপ্তানি করতে পারি নাই। তারপরও ইপিবির তথ্য বলছে, রপ্তানি বেড়েছে। জানি না কারা রপ্তানি করছে; কীভাবে করেছে; কেমনে বেড়েছে? ইপিবি বলছে বেড়েছে, মাসআল্লাহ…।

“এটুকুই…এছাড়া আর কোনো বক্তব্য নেই আমার।”