২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশের সাবসিডিয়ারি কোম্পানিতে থাকতে বাধা নেই ব্যাংক চেয়ারম্যানের

অভিজ্ঞতা ও দক্ষতার ঘাটতির কারণে বিদেশে সাবসিডিয়ারি কোম্পানির পরিচালনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, এমন যুক্তিতে ছাড় দিল বাংলাদেশ ব্যাংক।

বিদেশের সাবসিডিয়ারি কোম্পানিতে থাকতে বাধা নেই ব্যাংক চেয়ারম্যানের

বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2023, 09:43 PM

Updated : 27 Jul 2023, 09:43 PM

ব্যাংকের পর্ষদ ও সহায়ক কমিটির চেয়ারম্যানদের একই ব্যাংকের সাবসিডিয়ারিতে থাকার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, তা শুধু বিদেশে থাকা সাবসিডিয়ারির বেলায় তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশের বাইরে স্থাপিত ব্যাংকের এক্সচেঞ্জ হাউজ/ মানি ট্রান্সফার অপারেটর/ ফাইন্যান্স কোম্পানির মত ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আগের সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।

তবে দেশীয় সাবসিডিয়ারি কোম্পানির বেলায় ২০২২ সালের জুন মাসে দেওয়া সার্কুলারের সিদ্ধান্তগুলো একই থাকবে।

২০২২ সালের জুন মাসে বাংলাদেশ ব্যাংকের ওই নির্দেশনায় বলা হয়েছিল, ব্যাংকের পরিচালক পর্ষদ, নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানরা অধীনস্ত সবাসিডিয়ারি বা অর্থায়নকৃত প্রতিষ্ঠানের পরিচালনায় সম্পৃক্ত হতে পারবেন না। এমনকি ব্যাংক কর্তৃক পরিচালিত ফাউন্ডেশনের পরিচালনাতেও সম্পৃক্ত হতে পারবেন না।

ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের দিয়ে তিনটি কমিটি গঠন করার অনুমোদন রয়েছে বাংলাদেশ ব্যাংকের। এগুলো হলো, নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি। সাধারণত এসব কমিটির চেয়ারম্যানরাই ব্যাংকের সকল অধীনস্ত প্রতিষ্ঠান পরিচালনায় সম্পৃক্ত থাকেন।

এসব ক্ষেত্রে তাদের পদত্যাগ করে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার জন্য গত জুন পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

বিদেশি সাবসিডিয়ারির বেলায় এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে দেশের বাহিরে থাকা এক্সচেঞ্জ হাউজ/ মানি ট্রান্সফার অপারেটর/ ফাইন্যান্স কোম্পানি দেশের নিয়ন্ত্রক সংস্থার নিয়ম মেনে চলতে হয়।

“এ মুহূর্তে বহিঃবিশ্বে যুদ্ধাবস্থা চলমান থাকায় রেমিটেন্স আহরণসহ বিদেশে কার্যরত এক্সচেঞ্জ হাউজ/মানি ট্রান্সফার অপারেটর/ফাইন্যান্স কোম্পানি পরিচালনা করার ক্ষেত্রে পূর্বের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।”

“এ কারণে পরিচালনা সংক্রান্ত ঝুঁকি মোকাবেলায় যথাযথ অভিজ্ঞতা ও দক্ষতার ঘাটতির কারণে বিদেশের সাবসিডিয়ারি কোম্পানিগুলো পরিচালনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ/চ্যালেঞ্জিং হতে পারে; যা ব্যাংকের আর্থিক ক্ষতির সম্ভাবনা সৃষ্টির কারণ হতে পারে।”

এই যুক্তি দেখিয়ে ব্যাংকের পর্ষদ ও সহায়ক কমিটির চেয়ারম্যানদের বিদেশের সাবসিডিয়ারিতে থাকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ‍তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক।