বৃটিশ হাই কমিশনারের লাইফবয়-ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শন
ইউনিলিভার ও ফ্রেন্ডশিপ হাসপাতাল যৌথভাবে সারিয়াকান্দির ওই দুর্গম চরাঞ্চলের প্রান্তিক মানুষকে সেবা দিচ্ছে।
বগুড়ার সারিয়াকান্দিতে লাইফবয় ফ্রেন্ডশিপ ভাসমান হাসপাতাল পরিদর্শন করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
সোমবার হাইকমিশনারের পরিদর্শনকালে ইউনিলিভার ও ফ্রেন্ডশিপ হাসপাতাল যৌথভাবে ওই দুর্গম চরাঞ্চলের প্রান্তিক মানুষকে গত দুই দশক ধরে কীভাবে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে তা তুলে ধরা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউনিলিভার বাংলাদেশ।
পরিদর্শনকালে ইউনিলিভার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাভেদ আখতার, বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ এর নির্বাহী পরিচালক রুনা খান উপস্থিত ছিলেন।
এ সফরে প্রতিনিধি দলটি সামাজিক ব্যবসা, শিক্ষা এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে ‘ফ্রেন্ডশিপ’ এর বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।
পরিদর্শন অনুষ্ঠানে ডিকসন বলেন, “বাংলাদেশের সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে ইউনিলিভারের লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল আশার প্রতীকে পরিণত হয়েছে।
“স্বাস্থ্যসেবা খাতে নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ শক্তিশালী অর্থনীতি হিসেবে বেড়ে উঠছে। বিগত ২০ বছরে প্রত্যন্ত এলাকায় অবস্থিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার চাহিদা পূরণের মাধ্যমে ‘ফ্রেন্ডশিপ’ এর সঙ্গে ইউনিলিভারের এই অংশীদারিত্ব দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে।”
এ সামাজিক উদ্যোগ জাতি বিনির্মাণে ভূমিকা রাখছে উল্লেখ করে হাই কমিশনার বলেন, “লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতালের এ উদ্যোগ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন বদলে দেবার মতো প্রভাব রাখতে সক্ষম হবে বলে আমি আশা করছি।”
ইউনিলিভারের এমডি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে সবার জন্য টেকসই বাসযোগ্য বিশ্ব তৈরিতে অবদান রাখা।”
ইউনিলিভার জানায়, ২০০১ সালে প্রতিষ্ঠিত এ হাসপাতালে গত ২০ বছরে ৬ লাখ ৫৭ হাজার রোগীর স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।
