২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালামির সঙ্গে ঈদ শুভেচ্ছাও পৌঁছে দেবে বিকাশ

গ্রাহকরা তাদের পছন্দমত বার্তা লেখার সুযোগ পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2023, 07:57 PM

Updated : 18 Apr 2023, 09:51 PM

ঈদে বিকাশ অ্যাপের সেন্ড মানি থেকে ডিজিটাল গ্রিটিংস কার্ডের মাধ্যমে সালামি পাঠানোর সুবিধা রেখেছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি বিকাশ; এর সঙ্গে জানানো যাবে শুভকামনা, অনুভূতি, স্নেহ-ভালোবাসার অভিব্যক্তিও।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কোম্পানি জানিয়েছে, গ্রিটিংস কার্ডসহ সালামি পাঠাতে বিকাশ অ্যাপ থেকে যে নম্বরে সেন্ড মানি করা হবে তা নির্বাচন করার পরপরই নিচের অংশে ‘আপনার উদ্দেশ্য সিলেক্ট করুন’ ট্যাবটি দেখতে পাবেন গ্রাহক। সেখানে থাকা ‘ঈদ সালামি’ অথবা ‘ঈদ মোবারক’ অপশনগুলো থেকে যে কোনো একটি নির্বাচন করা যাবে।

এরপর টাকার পরিমাণ লিখে পরের ধাপে গেলে রেফারেন্স অংশের নিচে ‘কার্ডের মেসেজ আপডেট করুন’ ট্যাব দেখা যাবে। বিকাশ অ্যাপে সংযুক্ত রয়েছে ‘ঈদের আনন্দ ঘরে ঘরে, সালামি দিলাম বিকাশ করে’ অথবা ‘এই ঈদ আপনার জীবনে নিয়ে আসুক শান্তি ও সমৃদ্ধি।

তবে গ্রাহকরা চাইলে নিজের পছন্দমত কিছু লেখার সুযোগ রয়েছে। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই মেসেজ লেখা যাবে। স্বাক্ষরের অংশে নিজের নাম বা সম্পর্কের পরিচয় লিখে দিতে পারবেন। পরের ধাপে বিকাশ পিন দিলেই গ্রিটিংস কার্ডসহ সেন্ড মানি করা হয়ে যাবে।

যে গ্রাহক ঈদ মোবারক বা ঈদ সালামি গ্রিটিংস কার্ড পেয়েছেন, তিনি তার ডিভাইসের নোটিফিকেশনে একটি গিফট বক্স দেখতে পাবেন। বক্সে ক্লিক করে বিকাশ অ্যাপে ঢুকলেই সালামির পরিমাণ ও মেসেজ দেখতে পারবেন। তারা চাইলে এই গ্রিটিংস কার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করতে পারবেন।