হালকা প্রকৌশলে মিলবে ২ শতাংশ সুদে ঋণ
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “৫০০ কোটি টাকার একটা ফান্ড আছে বাংলাদেশ ব্যাংকের, সেই ব্যাংক থেকেও তারা ২ পার্সেন্ট রেট অব ইন্টারেস্টে ঋণ নিতে পারবেন।”
দেশের হালকা প্রকৌশল শিল্পের উদ্যোক্তারা ২ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন, এছাড়া জামানত ছাড়াই ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন নারী উদ্যোক্তারা।
সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সংক্রান্ত ‘হালকা প্রকৌশল শিল্প উন্নয়ন নীতিমালা-২০২২’ এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে ওই বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে সচিবালয়ে এ বিষয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, দেশের হাল্কা প্রকৌশল (লাইট ইঞ্জিনিয়ারিং) শিল্পের উন্নয়নে একটা নীতিমালা হয়েছে।
“এটা একটা মৌলিক খাত হিসেবে আমাদের দেশে বিবেচিত হবে। যেমন আমরা জিঞ্জিরা এলাকায় যে শিল্পগুলো এগুলোকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।”
প্রকৃত উদ্যোক্তা সুবিধা পাবেন জানিয়ে তিনি বলেন, “বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যে বিশেষ সুবিধা আছে, যেটা ২ পার্সেন্ট রেট অব ইন্টারেস্ট। এ খাতগুলোতে নীতিমালা অনুসরণে বিনিয়োগ করলে সে সুবিধাগুলো পাবেন।
ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “৫০০ কোটি টাকার একটা ফান্ড আছে বাংলাদেশ ব্যাংকের, সেই ব্যাংক থেকেও তারা ২ পার্সেন্ট রেট অব ইন্টারেস্টে ঋণ নিতে পারবেন।”
পাশপাশি নারী উদ্যোক্তাদের জন্যও একটা বিশেষ বিধান রয়েছে জানিয়ে তিনি বলেন, “৫০ লাখ টাকা পর্যন্ত কোনো সিকিউরিটি ছাড়া ঋণ নিতে পারবেন। কিন্তু সেটা বিভিন্ন কারণে এটা বিনিয়োগ হচ্ছিল না।
“বাংলাদেশ ব্যাংক এটা প্রমোট করবে, যাতে নারী উদ্যোক্তারা যেন এই সেক্টরের অধীনে হলে ওইটার বেনিফিট পায়।”
এছাড়া এসব শিল্পখাত যদি রপ্তানিমুখি হয় তাহলে তারা আলাদা প্রণোদনা পাবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, “এটা মন্ত্রিসভা একটা ডিরেক্টিভ দিয়ে দিয়েছে যে, যেভাবে আমরা গার্মেন্টস সেক্টরকে ব্যাকআপ করি এসব ক্ষেত্রেও যারা রপ্তানিমুখি হবে তাদেরকে সে সুবিধা দেওয়ার জন্য।”
এই নীতিমালার কারণে স্থানীয় শিল্পের প্রসার হবে এবং শিল্প খাতের ভূমিকা আরও বাড়বে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “আমাদের অর্থনীতির উন্নয়নটা আরও বৃদ্ধি পাবে।
“এটা ২০৪১ সালের মধ্যে আমরা যে উন্নত দেশ হতে যাচ্ছি, সেক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে।”
দেশে প্রায় ৪০ হাজার হাল্কা প্রকৌশল শিল্প এবং ৬ লাখ প্রযুক্তিগত দক্ষ উদ্যোক্তা সক্রিয়ভাবে জড়িত রয়েছে জানিয়ে তিনি বলেন, “তাদের জন্য এটি প্রণোদনা টাইপের কাজ হবে। তারা কাজের জন্য উৎসাহী হবে।”
‘গ্রিসের’ সঙ্গে সমঝোতা স্মারক অনুমোদন
সোমবার বাংলাদেশ ও হেলেনিক রিপাবলিক (গ্রিস) এর মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে বলেন, “এটা একটা গুড নিউজ।”
তিনি বলেন, “এই স্মারকের পরিপ্রেক্ষিতে বছরে ৪ থেকে ৫ হাজার বাংলাদেশি কৃষিক্ষেত্রে কাজ করার শ্রমিক বা দক্ষ ব্যক্তিরা যেতে পারবেন এবং তারা ৫ বছরের জন্য একটা ওয়ার্ক পারমিট পাবেন।
“পারফরম্যান্স বা নিয়মানুযায়ী সেটা পরবর্তীতে যদি বাড়ানো হয়, তাহলে আরও থাকতে পারবেন।”
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “যতদিন এই স্মারকটা থাকবে ততদিন বছরে ৪ থেকে ৫ হাজার বাংলাদেশি লোক গ্রিসে অফিসিয়ালি যেতে পারবেন।
“আর এর মধ্যেও প্রায় ১৪-১৫ হাজার যারা আন-অথোরাইজড ভিসায় রয়ে গেছেন, তারাও এর মাধ্যমে ওইখানে বৈধতা পাবেন। এটা আমাদের জন্য খুবই ভালো একটা স্মারক।”
