২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যসেবার সুবিধা নিয়ে ব্র্যাক ব্যাংকের মাস্টারকার্ড

‘ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড’ চালু নামের এই কার্ডে সর্বোচ্চ সীমা হচ্ছে দেড় লাখ টাকা ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 09:02 PM

Updated : 24 Jun 2023, 10:09 PM

দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবা গ্রহণে গ্রাহকদের বিশেষ ছাড় পাইয়ে দেবে, এমন কার্ড এনেছে ব্র্যাক ব্যাংক।

মাস্টার কার্ডের সহযোগিতায় বুধবার তেজগাঁও শিল্প এলাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্রেডিট কার্ড পরিষেবাটির উদ্বোধন করা হয়।

 ‘ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড’ চালু নামের এই কার্ডে সর্বনিম্ন সীমা হচ্ছে দেড় লাখ টাকা। এই কার্ড ব্যাবহারকারীরা বাংলাদেশে বিশেষ হেলথ স্ক্রিনিং প্যাকেজ ও জিম মেম্বারশিপের উপর ছাড়সহ লাইফস্টাইল, ডাইনিং, ফ্যাশন এবং ট্রাভেল মার্চেন্টদের সাথে ছাড় সুবিধা ভোগ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও সেলিম আর এফ হোসেন বলেন, কার্ড সেবায় ব্র্যাক ব্যাংকের সাফলতা দেখিয়েছে। তারই ধারাবাহিকতায় মাস্টার কার্ডের সঙ্গে তৃতীয় যৌথ উদ্যোগ। প্রত্যেক গ্রাহকের স্বতন্ত্র চাহিদা রয়েছে। সেটি বিবেচনায় নিয়ে এই নতুন কার্ডটি ডিজাইন করা হয়েছে, এতে বিস্তৃত পর্যায়ে স্বাস্থ্য ও সুস্থতা এবং জীবনযাত্রার বিশেষ সুযোগ-সুবিধা রয়েছে।

এটি বাংলাদেশে আসা প্রথম ‘হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড’ জানিয়ে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন,  মানুষের সামাজিক কল্যাণের দিকটি খেয়াল করে এ কার্ডে স্বাস্থ্য সেবা ও বিমার সুবিধা পাবেন গ্রাহকরা। যে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজটি শুরু হয়েছে তাতে ক্যাশলেস সমাজের কথা বলা হচ্ছে। কার্ডে অর্থ পরিশোধে সরকারের পক্ষ থেকে কিছু ছাড় দিলে এই ছোট ছোট উদ্যোগ পুরো সমাজকে ক্যাশলেস করতে সহায়তা করবে।

বিশেষ হেলথ স্ক্রিনিং প্যাকেজ এবং জিম মেম্বারশিপে ডিসকাউন্ট সুবিধা ও বিশ্বের এক হাজার ১০০ এর বেশি বিমানবন্দরে লাউঞ্জ সুবিধা পাবেন এর বহারকারীরা।

বিনা বাৎসরিক ফি তে প্রথম দুটি সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড নেওয়ার সুযোগও থাকছে গ্রাহকদের। ‘সুপার পেফ্লেক্স’ প্রোগ্রামের ব্যবহারকারীরা বিনা সুদে ৬ মাসের কিস্তি সুবিধায় দেশে ও বিদেশে যে কোনো কেনাকাটা করতে পারবেন।

প্রতিটি ই-কমার্স এবং পয়েন্ট অব সেল (পিওএস) লেনদেনে ‘রিওয়ার্ড পয়েন্ট’ পাবেন ব্যবহারকারীরা।

এ কার্ডের ওয়েলকাম ভাউচারে পাঁচটি সুবিধা রয়েছে জানিয়ে ব্র্যাক ব্যাংকের কার্ড বিভাগের প্রধান জোয়ার্দার তানভীর ফয়সাল বলেন, এ ভাউচার দিয়ে স্বাস্থ্যসেবা মার্চেন্ট, ট্রাভেল পার্টনার ও লাইফস্টাইল মার্চেন্টে বিশেষ মূল্যছাড়ের সুবিধা রয়েছে।

এই কার্ডধারীরা একটি রিসোর্টে ১ রাত-১ দিনের প্যাকেজ বিনা খরচে পাবেন। এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা ভিআইপি লাউঞ্জে বছরজুড়ে কার্ডহোল্ডার ও ২ জন অতিথি ভ্রমণ সুবিধা পাবেন।