ব্যাংকার্স সিলেকশন কমিটির পরীক্ষা স্থগিত
পরীক্ষার নতুন দিনক্ষণ পরে জানানো হবে।
বিএনপির হরতাল ডাকার পর রোববারের ব্যাংকার্স সিলেকশন কমিটি পরিচালিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেছেন, “ব্যাংকার সিলেকশন কমিটির আগামীকালের (রোববারের) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।”
ব্যাংকার্স সিলেকশন কমিটি জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত ৭ ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের সাক্ষাৎকার চলমান রয়েছে, যার একটি অংশ রোববার হওয়ার কথা ছিল।
ঢাকার কাকরাইল মোড়ে সংঘর্ষের কারণে নয়া পল্টনে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
শনিবার দুপুরে সমাবেশস্থল থেকে হ্যান্ডমাইকে হরতালের এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত সব ধরনের ব্যাংকার সিলেকশন কমিটি পরীক্ষা স্থগিত করার কথা জানানো হয়। স্থগিত হওয়া রোববারের পরীক্ষার সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের তরফে জানানো হয়েছে।
