ঈদে ফ্যান্টাসি কিংডম ও ফয়’স লেকে বিশেষ ছাড়
ঈদের দিন থেকে ৫ মে পর্যন্ত এই ছাড় উপভোগ করবেন দর্শনার্থীরা
আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে ঢাকার অদূরে সাভারের আশুলিয়াতে থিম পার্ক ফ্যান্টাসি কিংডম এবং প্রাকৃতিক পরিবেশে ঘেরা চট্টগ্রামের ফয়’স লেক কনকর্ড আমিউজমেন্ট পার্কে ভ্রমণে বিশেষ অফার ঘোষণা করা হয়েছে।
বুধবার কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফ্যান্টাসি কিংডমে শিশু ও বড়দের উপযোগী ২০টিরও বেশি রাইড রয়েছে। পার্কটিতে প্রবেশ মূল্য এবং জনপ্রতি ১২টি রাইড উপভোগ করা যাবে এক হাজার টাকায়।
ফ্যান্টাসি কিংডমের ওয়াটার এমিউজমেন্ট পার্ক ওয়াটার কিংডমে প্রবেশের জন্য, ওয়াটার কিংডমের সব রাইড এবং ফ্যান্টাসি কিংডমের ৩টি রাইড উপভোগের জন্যও জনপ্রতি গুণতে হবে এক হাজার টাকা।
কেউ যদি ফ্যান্টাসি কিংডম এবং ওয়াটার কিংডমের সব রাইড উপভোগ করতে চায়, তাহলে তাদেরকে ফ্যান্টাসি কিংডম ও ওয়াটার কিংডমে প্রবেশমূল্যসহ জনপ্রতি ১ হাজার ৮০০ টাকা খরচ করতে হবে। এই প্যাকেজে তারা তিন ল্যাপ এক্সট্রিম রেসিং ও দুপুরের খাবারও উপভোগ করতে পারবেন।
ফয়’স লেকে প্রবেশমূল্য, ছয়টি রাইড ও লেক ক্রুজের জন্য জনপ্রতি খরচ করতে হবে ৫০০ টাকা।
সি ওয়ার্ল্ডে (কর্নেল হাটের গেট দিয়ে ) প্রবেশ এবং সমস্ত রাইড উপভোগের জন্য জনপ্রতি ৬০০ টাকা খরচ করতে হবে।
আর পার্কে প্রবেশ, ছয়টি রাইড উপভোগ, সি ওয়ার্ল্ডে প্রবেশ, সি ওয়ার্ল্ডের সমস্ত রাইড ও দুপুরের খাবার উপভোগের জন্য জনপ্রতি এক হাজার টাকা গুণতে হবে।
ঈদের ছুটিতে মানুষ যাতে কোলাহলমুক্ত পরিবেশে নিজেদের নতুনভাবে আবিষ্কার করতে পারে, সে লক্ষ্যে এই দুই পার্কে ঈদের দিন থেকে আগামী ৫ মে পর্যন্ত এই অফার চলবে।
ফ্যান্টাসি কিংডমে রাইডগুলোর মাঝে উল্লেখযোগ্য হলো- রোলার কোস্টার, শান্তা মারিয়া, ম্যাজিক কার্পেট, রক এন্ড রোল, জুজু ট্রেন, বাম্পার কার, হ্যাপি ক্যাঙ্গারু ইত্যাদি।
এখানে ওয়াটার কিংডমের পাশাপাশি আরও আছে লেজি রিভার, ডুম স্লাইড, টিউব স্লাইড, একটি হেরিটেজ পার্ক, এক্সট্রিম রেসিং গো-কার্ট, লিয়া রেস্টুরেন্ট ও তিন তারকা বিশিষ্ট রিসোর্ট অ্যাটলান্টিস।
আগত দর্শনার্থীরা এখানে ম্যাজিক শো, লাইভ পারফরমেন্স, কনসার্ট, ডিজে পার্টিসহ নানান আয়োজনে তাদের ঈদের দিনকে আনন্দমুখর করে রাখতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ফয়'স লেকের উল্লেখযোগ্য রাইডগুলো হচ্ছে- বাম্পার কার, ফ্যামিলি রোলার কোস্টার, পাইরেট শিপ, কফি কাপ, ফেরিস হুইল, হ্যাপি জাম্প, পনি অ্যাডভেঞ্চার, বেবি ড্রাগন, বাগ বাউন্স, সার্কাস ট্রেন, সার্কাস সুইং, বাম্পার বোট, দূরবীন, স্পীড বোট, প্যাডেল বোট, রেসিং বোট ইত্যাদি।
এখানে ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ড কনকর্ডের রয়েছে কৃত্রিমভাবে সৃষ্ট ঢেউয়ের রাইডস ওয়েভ পুল, সাথে আছে মাল্টি-স্লাইড, স্লাইড ওয়ার্ল্ড, চিলড্রেন পুল, ড্যান্সিং জোনসহ নানা আয়োজন।
দর্শনার্থীদের সুবিধার জন্য এখানে পুরুষ ও নারীর আলাদা ‘চেঞ্জ রুম’ ও লকারের ব্যবস্থা আছে। তারা চাইলে নিজেদের সঙ্গে অতিরিক্ত কাপড় ও তোয়ালে আনতে পারেন বা এখান থেকে ভাড়া নিতে পারেন।
কেনাকাটা ও খাওয়াদাওয়ার জন্য এই পার্কে রয়েছে গিফট শপ ও ছোট-বড় একাধিক ফুড কর্নার। এছাড়াও, এখানকার লেক ভিউ রেস্তোরাঁয় দেশি-বিদেশি খাবার পাওয়া যায়।
পাশাপাশি, প্রকৃতির কোলে অবসর সময় কাটানোর জন্য তৈরি করা হয়েছে ফয়’স লেক রিসোর্ট। এই রিসোর্টে রয়েছে আলাদা রুম ও বাংলো।
এই পার্কের সর্বশেষ সংযোজন হলো ফয়’স লেক বেজক্যাম্প। খোলামেলা জায়গায় এখানে কায়াকিং, আর্চারি, ক্লাইম্বিং ওয়াল, উড কেবিন, ট্রি টপসহ আরও নানান ধরনের খেলাধুলা উপভোগ করা যাবে।
ঈদে দর্শনার্থীর বাড়তি বিনোদনের জন্য পার্ক কর্তৃপক্ষ এখানে কনসার্ট, ফ্যাশন শো, ডিজে শো, গেম শো, র্যাফেল ড্রসহ বিভিন্ন অনুষ্ঠানেরও ব্যবস্থা রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
