২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নগদের’ কোটি টাকার বিএমডব্লিউ পেলেন ঢাকার মাহবুব

গ্রাহকের চার লাখ ৭৩ হাজার ২৭টি ভোট পেয়ে বিএমডব্লিউ জিতেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 04:45 PM

Updated : 19 Jul 2023, 04:45 PM

ডাকবিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মেগা পেমেন্ট ক্যাম্পেইনের আওতায় কোটি টাকার বিএমডব্লিউ জিতলেন ঢাকার পালোয়ান মাহবুব হায়দার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, নগদ লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল মাহবুবের হাতে পুরস্কার তুলে দেন।

এই ক্যাম্পেইনের চূড়ান্ত পর্যায়ে গ্রাহকের দেওয়া ভোটে সেরা দশজনকে বাছাই করে নগদ। মোট ৪৫ লাখ ৩৯ হাজার ৫৫টি ভোটের মধ্যে মাহবুব চার লাখ ৭৩ হাজার ২৭টি ভোট পেয়ে বিএমডব্লিউ জিতেছেন।

পুরষ্কার হিসেবে কোটি টাকার গাড়ি পেয়ে আবেগাপ্লুত মাহবুব হায়দার বলেন, “আমি নিজেকে সব সময় হতভাগ্য মনে করি। আজকে বিএমডব্লিউ গাড়ি জেতার পর ভাষা হারিয়ে ফেলেছি। কাল হয়ত বলতে পারব আমার অনুভূতি। সত্যিই আমি বিশ্বাস করতে পারছি না।”

বিজয়ীকে অভিনন্দন জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, “নগদ শুরু থেকে চমক দেখিয়েছে, সেই চমকের ধারাবাহিকতায় আজকের এই বিএমডব্লিউ উপহার দিচ্ছে নগদ।”

পুরো আয়োজন প্রসঙ্গে তানভীর এ মিশুক বলেন, “বিএমডব্লিউ ক্যাম্পেইনটি যেকোনো বিবেচনায় সাধারণ কোনো ক্যাম্পেইন ছিল না। আমার বিবেচনায় এই ক্যাম্পেইনটি স্মার্ট বাংলাদেশের পথে একটি বড় পদক্ষেপ। বাংলাদেশে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ক্যাম্পেইনটির অনন্য একটি অবস্থান তৈরি করবে বলে আমার বিশ্বাস।”

অনুষ্ঠানে জাতীয় দলের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম ভিডিও বার্তায় ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ও বিজয়ীদেরকে শুভেচ্ছা জানান।

এবছর মার্চ মাসে শুরু হয়ে ৩০ জুন শেষ হওয়া এই ক্যাম্পেইনের আওতায় এর আগেও একাধিক সেডান গাড়ি, পাঁচ শতাধিক মোটরসাইকেল ও রেফ্রিজারেটর, স্মার্ট টেলিভিশন, স্মার্ট মোবাইল, স্মার্টওয়াচ ও হেডফোনসহ পাঁচ হাজারের বেশি পণ্য বিজয়ীদের হস্তান্তর করেছে নগদ।