সার নিয়ে কারসাজি হলে লাইসেন্স বাতিল: কৃষিমন্ত্রী
দাম বেশি নেওয়া হলে ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
আগামী জানুয়ারি পর্যন্ত পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক হুঁশিয়ার করেছেন, সার নিয়ে কারসাজি করে কৃত্রিম সংকট তৈরি বা বেশি দামে বিক্রি করলে ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে।
সোমবার বিকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীর এ বক্তব্যের কথা জানানো হয়।
কৃষিমন্ত্রী বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি।
তিনি বলেন, আওয়ামী লীগের ভিত্তি হল জনগণ। জনগণের সমর্থন নিয়েই বারবার ক্ষমতায় এসেছে, সরকার পরিচালনা করছে। কোনো বিদেশি শক্তি বা রাষ্ট্রের উপর আওয়ামী কখনই নির্ভরশীল নয়, তাদের কাছে ধর্নাও দেয় না। অন্যদিক বিএনপি সবসময়ই অন্যের উপর নির্ভরশীল হয়ে ক্ষমতায় এসেছে। এখনও ক্ষমতায় আসার জন্য তারা বিদেশি প্রভু ও রাষ্ট্রের কাছে ছোটাছুটি করছে, ধর্না দিয়ে বেড়াচ্ছে।
রাজপথে আন্দোলন-সংগ্রাম করে বিএনপি বর্তমান সরকারের পতন ঘটাতে পারবে না বলেও এসময় মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কৃষক লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক সাত্তার মণ্ডল বক্তব্য রাখেন।
প্রধান আলোচক ছিলেন কথাশিল্পী ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন।
বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেনের সঞ্চালনায় সংগঠনের নির্বাহী সভাপতি মো. হামিদুর রহমান, ছাত্রলীগ বাকৃবি শাখার সাবেক সভাপতি সারোয়ার মোর্শেদসহ কৃষিবিদরা বক্তব্য রাখেন।
