দৃষ্টিহীন হাফেজের স্বপ্ন পূরণে নগদ
এরইমধ্যে মিজানের পাসপোর্ট তৈরি করা হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৌদি আরবে যাওয়ার অপেক্ষা।
শৈশবে টাইফয়েডে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারানো এক কোরআন হাফেজের হজের দায়িত্ব নিয়েছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি নগদ। আর তাতে সহায়তা করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।
নগদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ছোটবেলায় দৃষ্টিশক্তি হারান মুন্সীগঞ্জের গজারিয়ার মিজানুর রহমান। তারপরও কঠোর পরিশ্রমে তিনি কোরআনে হাফেজ হয়েছেন। নিজে একটি মাদ্রাসা চালাচ্ছেন, শত শত শিশুর মধ্যে ছড়িয়ে দিচ্ছেন কোরআনের আলো।
তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল, একবার অন্তত মক্কা-মদিনা গিয়ে ওমরাহ করতে চান।
হাফেজ মিজান তার ইচ্ছার কথা একজন কনটেন্ট ক্রিয়েটরকে জানান। ওই কনটেন্ট ক্রিয়েটর বিষয়টি সোশাল মিডিয়ায় প্রকাশ করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে ট্যাগ করে। আর মুশফিকুর রহিম ঘটনাটি জানান নগদ লিমিটেডকে।
পুরো ঘটনা জানার পর হাফেজ মিজানের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় নগদ লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, হাফেজ মিজানুর রহমানকে ওমরাহ করতে পাঠানোর সব দায়িত্ব নিয়েছে তারা। এরইমধ্যে মিজানের পাসপোর্ট তৈরি করা হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৌদি আরবে যাওয়ার অপেক্ষা।
মুশফিকুর রহিমকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা। মিজান সাহেব একজন অন্ধ মানুষ, দেখতে পান না। কিন্তু এখন তিনি কী করে বাচ্চাদের হাফেজ হওয়া যায়, সেটা শেখাচ্ছেন। তার স্বপ্ন ছিল, তিনি যেন একবার হলেও মক্কা ভ্রমণ করতে পারেন, আল্লাহর ঘর যেন তিনি অনুভব করতে পারেন।
“নগদ সবসময় এ রকম মানুষগুলোর স্বপ্ন পূরণ করে থাকে। হাফেজ মিজান সাহেবের বড় একটা স্বপ্ন নগদের মাধ্যমে পূরণ হতে যাচ্ছে ইনশাল্লাহ।”
মিজানুর রহমান বলেন, “নগদের তানভীর ভাই এবং ক্রিকেটার মুশফিকুর রহিম আমাকে যে সম্মান দিয়েছেন, তাতে আমি কী বলে যে মনের ভাব প্রকাশ করব, সে ভাষাটা আমি হারিয়ে ফেলেছি।”
নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “গতানুগতিক প্রাতিষ্ঠানিক ধারণার বাইরে গিয়ে নগদ এর থেকে বেশিকিছু করার চেষ্টা অব্যাহত রেখেছে। চোখের আলো হারিয়েও মক্কা-মদিনার পবিত্র মাটি স্পর্শ করার স্বপ্ন ছাড়েননি হাফেজ মিজান। প্রাণের ধর্মের ডাকে সাড়া দিয়ে নগদ আরও একবার নিজেদের সাধারণ মানুষের প্রতিষ্ঠান বলে প্রমাণ করল।”
