ঢাবিতে আইএফআইসি ব্যাংকের অনুদান, বৃত্তি প্রদান
২০১২ সালের নভেম্বরে প্রতিষ্ঠিত এ তহবিল পর্যায়ক্রমে এক কোটি টাকায় উন্নীত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ড থেকে বিভিন্ন বিভাগের ৪০ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও গবেষণা অনুদান দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চেক হস্তান্তর করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, আইএফআইসি ব্যাংক প্রতিবছর ট্রাস্ট ফান্ড থেকে বৃত্তি ও গবেষণার জন্য মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ অনুদান দেয়। এবছর ২৫ জনকে গবেষণার জন্য অনুদান এবং ১৫ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারওয়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান কৃতি শিক্ষার্থীদের মাঝে চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও নাট্যজন রামেন্দু মজুমদার, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন জিল্লুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০১২ সালের ১৯ নভেম্বর থেকে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি ও শিক্ষকদের গবেষণার জন্য অনুদান দিতে আইএফআইসি ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ট্রাস্ট ফান্ড গঠন করে, যা পর্যায়ক্রমে এক কোটি টাকায় উন্নীত হয়।
