২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি কোম্পানি: বেবিচক চেয়ারম্যান

চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক মান সম্পন্ন করা হয়েছে, জানান তিনি।

শাহজালালে থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি কোম্পানি: বেবিচক চেয়ারম্যান

নতুন এ টার্মিনালের সঙ্গে মেট্রোরেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েরও সংযোগ থাকবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2023, 06:14 PM

Updated : 15 Jul 2023, 06:51 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানব্ন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ জাপানের একটি কোম্পানি পাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলালচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

নির্মাণাধীন এ টার্মিনালের একাংশ আগামী অক্টোবরে উদ্বোধনের কথা রয়েছে।

শনিবার বিমানবন্দরের লাউঞ্জে অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম (এটিজেএফবি) আয়োজিত ‘এটিজেএফবি ডায়ালগ’ এ তিনি এ কথা বলেন।

প্রায় আড়াই ঘণ্টার মতবিনিময় সভায় বেবিচক চেয়ারম্যান তার চার বছরের মেয়াদকালের বিভিন্ন বিষয় তুলে ধরেন। জবাব দেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের।

আলোচনার অনেকটা জুড়েই ছিল দেশের অ্যাভিয়েশন খাতের কাঠামোখাতের উন্নয়ন, সেবাদাতাদের আচরণের পরিবর্তন, সেবাগ্রহীতা বা যাত্রীদের ভোগান্তি, বিমানের জন্য নতুন উড়োজাহাজ সংগ্রহে বোয়িং না এয়ারবাস, নিউইয়র্কসহ নতুন রুট চালু ও থার্ড টার্মিনাল চালুর মতো বিষয়গুলো।

থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং কাজ কে পাচ্ছে জানতে চাইলে বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থার প্রধান মফিদুর রহমান বলেন, “গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ দেখিয়েছে জাপান। তাদেরই এ কাজ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে তারা কাজ করবে।”

তবে জাপানের কোন কোম্পানিকে কীভাবে কাজ দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

স্বাধীনতার পর ১৯৭২ সাল থেকে দেশে বিমানবন্দরগুলোতে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ করে আসছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে তাদের সেবা নিয়ে বিভিন্ন সময়ই নানা প্রশ্ন উঠেছে। অদক্ষতা ও দুর্নীতের অভিযোগও কম নয়।

শাহজালালে তৃতীয় টার্মিনাল নির্মাণে ২১ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের কাজ ২০১৯ সালের ২৮ ডিসেম্বর শুরু হয়। দৃষ্টিনন্দন এ টার্মিনালের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহে আংশিক চালু করা হবে। তা পুরোপুরি চালু হতে ২০২৪ সাল লেগে যাবে।

বর্তমানে দেশের প্রধান এ বিমানবন্দরে প্রতিদিন প্রায় ৩০টি এয়ারলাইন্সের ১২০ থেকে ১৩০টি ফ্লাইট ওঠানামা করে। এগুলোর ১৯ থেকে ২১ হাজার যাত্রী প্রতিদিন এই বিমানবন্দর ব্যবহার করেন। হজ বা বিশেষ সময়ে যাত্রীর চাপ আরও বেড়ে যায়।

থার্ড টার্মিনাল হলে যাত্রী বাড়বে কয়েকগুণ এমন আশার কথা বলা হচ্ছে। কিন্তু শাহজালাল বিমানবন্দরে রানওয়ে মাত্র একটি। রানওয়ে বাড়ানোর পরিকল্পনার বিষয়ে বেবিচক চেয়ারম্যান জানান, এ বিষয়ে সম্ভ্যাবতা যাচাই হয়েছে। তবে জায়গার স্বল্পতা রয়েছে।

একটি রানওয়ের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক এয়ারলাইন্সকে উড়োহাজাজ সেবা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “দুবাই এয়ারপোর্ট একটি রানওয়ে দিয়েই বছরে প্রায় ৫০ মিলিয়ন যাত্রী হ্যান্ডল করেছে। সেই তুলনায় আমাদের অনেক কম। (ফ্রান্সের কোম্পানি) থ্যালেসের ‘এয়ারপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু হচ্ছে পাশাপাশি থার্ড টার্মিনাল হলে বোর্ডিং ব্রিজ অনেক বেশি থাকবে। এগুলো আমাদের ব্যবস্থাপনাকে অনেক সহজতর করবে।

Image

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ এখন শেষের পথে।

“একটা উড়োজাহাজ ল্যান্ড করার পর কী করে অল্প সময়ের মধ্যে সেটিকে এপ্রোন এরিয়ায় নেওয়া যায় সেই চেষ্টা থাকবে। যার কারণে একটা রানওয়ে দিয়েই আমরা আরও বেশি যাত্রী ও এয়ারলাইন হ্যান্ডল করতে পারব।”

আওয়ামী লীগ সরকারের আমলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। ঢাকার অদূরে আড়িয়ল বিল, ময়মনসিংহের ভালুকাসহ কয়েক জায়গায় তা স্থাপনের জন্য জরিপের কথাও শোনা যায়। ওই বিমানবন্দর স্থাপনের কাজ কতদূর জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান বলেন, ওই প্রকল্পের কাজ আপাতত স্থগিত আছে। শাহজালালের থার্ড টার্মিনালের যে সক্ষমতা তা ২০৩৫ সাল পর্যন্ত চলবে। এরপর সরকার চাইলে ওই প্রকল্প বাস্তবায়ন করতে পারে। এছাড়া সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক মান সম্পন্ন করা হয়েছে।

নিউ ইয়র্কে ফ্লাইট চালুতে জটিলতা

২০১৪ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল ওই বছর থেকেই ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট চালু করা হবে। গত নয় বছরেও তা চালু করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান, যিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদেরও সদস্য জানান, এ রুটে ফ্লাইট চলাচল ২০০৬ সালে বন্ধ হয়ে যায়। এরপর থেকেই চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও দেনদরবার চলছে।

সম্প্রতি এ রুট চালুর চেষ্টায় মার্কিন উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িংয়ের সহায়তা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আমরা চেয়েছিলাম অক্টোবরের মধ্যে নিউইয়র্ক ফ্লাইট চালু করতে। তবে বিষয়টি তো শুধু আমাদের নয় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিষয়। তাদের ওখানে অনেক দেশই আবেদন করে রেখেছে।

Image

দেশের প্রধান বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। 

“যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন এডমিনিস্ট্রেশনের (এফএএ) নেতৃত্ব এবং সব কর্মীদের সম্প্রতি বদল করা হয়েছে। এরপর একেবারে শূন্য থেকে আবার নতুন করে অনুমোদনের জন্য কাজ শুরু করতে হয়েছে।“

এছাড়া ফ্লাইট চালুর অনুমোদনের ক্ষেত্রে সবার আগে এয়ারলাইন্সকে আবেদন করতে হয়। বিমান বাংলাদেশ সময়মতো আবেদন না করায় প্রক্রিয়াটা পিছিয়ে গেছে। বিমানকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে বলে তিনি জানান। কোভিডের কারণেও কিছুটা পিছিয়েছে এ প্রক্রিয়া। তবে সিভিল অ্যাভিয়েশন অথরিটির এ বিষয়ে প্রস্তুতি আছে। তিনি এ বছরেই নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে আশা প্রকাশ করেন।

বোয়িং না এয়ারবাস

বেবিচকের চেয়ারম্যান ও বিমান বাংলাদেশের পরিচালক মফিদুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের বহর বাড়ানোর নির্দেশনা দিয়েছেন এবং কার্গো সক্ষমতা বাড়াতে বলেছেন। এ কারণে উড়োজাহাজ কেনা হবে।

বোয়িং না এয়ারবাস কেনা হবে জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন আগে ইউরোপ সফরে এয়ারবাসের বিষয়ে একটি সমঝোতা সই হয়েছে। তবে যাদের ‘ভালো অফার’ থাকবে তাকেই বেছে নেবে বিমান।

“আমাদের সঙ্গে বোয়িংয়ের আগে থেকে সম্পর্ক আছে, এয়ারবাসের ইস্যুও এসেছে। এয়ারবাস বোয়িং থেকে ভালো অফার দিলে আমরা ওদিকেই যাব,” যোগ করেন তিনি।

আচরণ পরিবর্তনে প্রশিক্ষণ চলছে

বিমানবন্দরে কর্মকরতদের আচরণ নিয়ে যাত্রীদের অভিযোগ দীর্ঘ দিনের। ২০২২ সালে আচরণ পরিবর্তনের জন্য বিমানবন্দরে কর্মরত সব সংস্থার কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছিল বেবিচক। সেই প্রশিক্ষণ চলছে জানিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, বিমানবন্দরে কর্মরত ১১টি ব্যাচকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাকিদেরও দেওয়া হবে। খারাপ আচরণের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেই কর্মকর্তা বা কর্মীরা খারাপ ব্যবহার করছেন তাদের সরিয়ে দেওয়া হচ্ছে পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আর্থিক জরিমানাও করা হচ্ছে।

বিমানবন্দরে আনসার সদস্যদের যাত্রীদের লাইনে এগিয়ে দিতে টাকা দাবি করার অভিযোগের বিষয়ে তিনি বলেন, “টাকা চাওয়ার বিষয়টি অসত্য নয়। আমরা দেখছি এসব ঘটনা। প্রমাণ পেয়ে তাদের কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়েছে। যেহেতু আমাদের অত জনবল নেই, তাই অন্য সংস্থা থেকে জনবল এনেই নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে। তারপরও তাদের কাউন্সেলিং করার চেষ্টা করছি। এ বিষয়ে আনসারের মহাপরিচালকের সঙ্গেও কথা বলেছি আমি।”