২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি ‘নগদে’ দিতে চুক্তি

প্রতি অর্থবছরে এক কোটি ৩০ লাখ শিক্ষার্থী এই উপবৃত্তি পাবে।

প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি ‘নগদে’ দিতে চুক্তি

ঢাকার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার এই চুক্তি হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2023, 07:57 PM

Updated : 13 Apr 2023, 12:21 PM

চলতি অর্থবছর থেকে আগামী পাঁচ বছরের উপবৃত্তি বিতরণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ডাক বিভাগ ও নগদ লিমিটেডের- ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। মধ্যমেয়াদে মূল্যায়নের শর্তে এই চুক্তি হয়।

বুধবার দুপুরে ঢাকার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় নগদ।

এতে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, ডাক বিভাগের পরিচালক সালেহ আহমেদ ও নগদের পক্ষে নির্বাহী পরিচালক মো. শাফায়েত আলম সই করেন।

চুক্তিতে বলা হয়, প্রতি অর্থবছরে এক কোটি ৩০ লাখ শিক্ষার্থী লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রাথমিক শিক্ষার্থীদের অভিভাবকের মোবাইল অ্যাকাউন্টে জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে উপবৃত্তির অর্থ দেওয়া হবে।

চুক্তি অনুষ্ঠানে অংশ নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, “উপবৃত্তি প্রেরণের গুরুত্বপূর্ণ দায়িত্ব নগদের জন্য সম্মান ও গৌরবের। শিক্ষার ভিত রচিত হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষাকে শিশুর কাছে আনন্দময় ও কার্যকর করে তুলতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সব সময় প্রস্তুত।"

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, "উপবৃত্তি কার্যক্রমে স্বচ্ছতা, স্বাচ্ছন্দ্য ও গতিশীলতা আনতে মন্ত্রণালয়ের প্রয়াসের অংশ এটি। উপবৃত্তির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া রোধ হবে, শিক্ষায় শিশুদের আগ্রহ সৃষ্টি হবে, মায়েদের কাছে এ অর্থ পৌঁছানোর মাধ্যমে নারীর ক্ষমতায়নেও এটি ভূমিকা রাখবে।"

চুক্তির বিষয়ে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, "সরকারের উপবৃত্তি বিতরণের ফলে এখন শিক্ষার্থী ঝরে পড়ার হার অনেক কমে গেছে। অনেক শিক্ষার্থী ও তাদের অভিভাবক জানে না যে উপবৃত্তি আসে কোথায় থেকে! আমরা নগদ- এর পক্ষ থেকে সারা দেশে সবাইকে জানাতে চাই যে, মাননীয় প্রধানমন্ত্রী এই উপবৃত্তি প্রদান করে থাকেন।”

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান উপস্থিত ছিলেন।