নতুন বছরে এলপিজির দাম কেজিতে বাড়ল প্রায় আড়াই টাকা
সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডার আগের মাসের ১৪০৪ টাকা থেকে ২৯ টাকা বেড়ে ১৪৩৩ টাকা হয়েছে।
আগের কয়েক মাসের ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম মাসেও বোতলজাত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম কেজিতে ২ টাকা ৩৮ পয়সা বাড়িয়ে ১১৯ টাকা ৪০ পয়সা করা হয়েছে।
এর ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডার আগের মাসের ১৪০৪ টাকা থেকে ২৯ টাকা বেড়ে ১৪৩৩ টাকা হয়েছে; মূল্যবৃদ্ধির হার ২ দশমিক ০৩ শতাংশ।
মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির চেয়ারম্যান মো. নুরুল আমিন জানুয়ারি মাসের জন্য এলপিজির দাম ঘোষণা করেন।
ঘোষণায় তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এই মাসে এলপিজির দাম বাড়াতে হয়েছে। এদিন সন্ধ্যা ৬টা থেকে এলপিজির নতুন দর কার্যকর হবে।
গতমাসে ডলারের গড় দর ছিল ১১৬ দশমিক ৩৯ টাকা আর চলতি মাসে তা বেড়ে হয়েছে ১১৭ দশমিক ৭৯ টাকা।
বিইআরসির বিজ্ঞপ্তিতে অনুযায়ী, জানুয়ারি মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতি টন ৬২৬ দশমিক ৫০ ডলার, যা ডিসেম্বর মাসে ছিল ৬১৬ দশমিক ৫০ ডলার। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে ১ দশমিক ৬২ শতাংশ।
সবশেষ ঘোষণা অনুযায়ী, জানুয়ারি মাসে রেটিকুলেটেড পদ্ধতিতে প্রতিকেজি এলপিজির দাম ১১৫ টাকা ৫৭ পয়সা। আর যানবাহনে ব্যবহৃত প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৫ টাকা ৭৬ পয়সা।
