অবশেষে টরন্টো যাচ্ছে বিমানের বাণিজ্যিক ফ্লাইট
চলতি বছরের ২৬ মার্চ ৭০ জন যাত্রী নিয়ে টরন্টোর পথে ‘পরীক্ষামূলক বাণিজ্যিক’ ফ্লাইট ঢাকা ছেড়েছিল।
কয়েক দফা তারিখ পিছিয়ে অবশেষে ঢাকা থেকে টরন্টোর পথে উড়তে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট।
বুধবার ভোর রাত সাড়ে ৩টায় বিমানের ফ্লাইট বিজি ৩০৫ যাত্রী নিয়ে টরন্টোর উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে বলে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সুপরিসর বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে ঢাকা-টরন্টো রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চালাবে বিমান। প্রতি বুধবার ভোর রাত সাড়ে ৩টায় ঢাকা ছেড়ে যাবে একটি ফ্লাইট। যাত্রাপথে জ্বালানি নিতে তুরস্কের ইস্তাম্বুলে থামবে।
এক ঘণ্টা বিরতি শেষে ইস্তাম্বুল থেকে রওনা দিয়ে কানাডার স্থানীয় সময় দুপুর ১টা ৫৫ মিনিটে ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে।
আর প্রতি রোববার ভোর ৩টায় ঢাকা থেকে রওনা হয়ে ইস্তাম্বুল হয়ে এ ফ্লাইট টরন্টো পৌঁছাবে দুপুর ১টা ২৫ মিনিটে।
অন্যদিকে প্রতি বুধবার টরন্টোর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় রওনা হয়ে এক টানা উড়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঢাকায় নামবে বিমান।
আর প্রতি রোববার টরন্টো থেকে এ ফ্লাইট ছাড়বে রাত ৯টায়, সরাসরি ঢাকা পৌঁছাবে সোমবার রাত ১১টায়।
দীর্ঘদিন ধরে এ রুটে ফ্লাইট চালানোর চেষ্টা করে আসছে বিমান বাংলাদেশ। এর আগে ২০২০ সালের অক্টোবরে টরন্টোতে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার কথা জানালেও মহামারীর কারণে সেটি বাস্তবায়ন করতে পারেনি রাষ্ট্রায়ত্ত এ কোম্পানি।
ওই চেষ্টার ধারাবাহিকতায় চলতি বছরের ২৬ মার্চ টরন্টোর পথে ৭০ জন যাত্রী নিয়ে ‘পরীক্ষামূলক বাণিজ্যিক’ ফ্লাইটটি ঢাকা ছাড়ে। ওই ফ্লাইট পরিচালনায় কয়েক কোটি টাকা ব্যয় নিয়ে সেসময় সমালোচনাো হয়। এরপর বিমানের পক্ষ থেকে কয়েক দফা ফ্লাইট চালুর দিনক্ষণ ঘোষণা করা হয়।
