বিপিসির তেল আমদানিতে বিএসসির জাহাজ ব্যবহারের পথ খুলছে
আগামী জানুয়ারি থেকে জ্বালানি আমদানিতে বিএসসির তিনটি জাহাজ কিভাবে অন্তর্ভুক্ত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে আন্তঃমন্ত্রণালয় সভায়।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ব্যবহার করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদানির পথ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।
এ নিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে রোববার আন্তঃমন্ত্রণালয় সভা হয়; আগামী জানুয়ারি থেকে জ্বালানি আমদানিতে বিএসসির তিনটি জাহাজ কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, তা নিয়ে আলোচনা হয় সেখানে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামালের সভাপতিত্বে বৈঠকে বিএসসি, বিপিসি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২০১৮ সাল থেকে বিএসসির অয়েল ট্যাংকার এমটি বাংলার অগ্রযাত্রা, এমটি বাংলার অগ্রদূত ও এমটি বাংলার অগ্রগতি বিভিন্ন দেশে ভাড়া খাটছে। ট্যাংকারগুলোর প্রতিটির ধারণ ক্ষমতা ৩৯ হাজার টন।
বিএসসি বলছে, গত তিন বছর ধরে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে ভাড়ায় খেটে তাদের অয়েল ট্যাংকারগুলো সক্ষমতা দেখিয়েছে। বর্তমানে বিপিসি বিদেশি জাহাজ ব্যবহার করায় পণ্য পরিবহনের ভাড়া ডলারে পরিশোধ করতে হচ্ছে, তাতে অর্থনীতির ওপর চাপ বাড়ছে।
তাছাড়া বিদেশ থেকে পণ্য পরিবহনে ৫০ শতাংশ দেশি জাহাজে করে আনার বাধ্যবাধকতা রয়েছে। ‘বাংলাদেশি পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) ২০১৯’ আইনেও তা বলা আছে।
বিপিসির এক কর্মকর্তা জানান, প্রতিবছর গড়ে ৫০ থেকে ৫২ লাখ টন পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হয়।
বিএসসির উপমহাব্যবস্থাপক মুহাম্মদ রেজাউল করিম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএসসির তিনটি জাহাজের মাসে দুই লাখ টন জ্বালানি তেল আনার সক্ষমতা আছে। সে হিসাবে বছরে ২৪ লাখ টন জ্বালানি তেল আমদানি করতে পারবে, তা মোট আমদানির প্রায় অর্ধেক।
“রোববার সভায় জানানো হয়, বিপিসির চুক্তি এ বছরের ডিসেম্বরে শেষ হবে। তাই আগামী বছরের জানুয়ারিতে বিদেশ থেকে জ্বালানি আমদানিতে নতুন চুক্তির আগে দেশিয় তিনটি জাহাজ কিভাবে অন্তর্ভুক্ত করা যায় তা নিয়ে আলোচনা হয়।”
বিএসসির আগ্রহের বিষয়ে জানতে চাইলে বিপিসি পরিচালক অনুপম বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমরা পজেটিভলি দেখছি। বিদেশ থেকে জ্বালানি আমদানি ছাড়াও দেশের মধ্যে বিভিন্ন বেসরকারি বড় বড় কোম্পানি জ্বালানি পরিবহন করে।
“এ তিনটি জাহাজ দেশের মধ্যেও পরিবহনে যুক্ত হতে পারে। দেখা যাক নিয়মে কী আছে।”
এক প্রশ্নের জবাবে বিএসসি কর্মকর্তা রেজাউল করিম বলেন, “এখন বিদেশে ভাড়ায় খেটে যা আয় হয়, দেশের জ্বালানি আমদানিতে যুক্ত হলে কিছুটা বেশি লাভ হবে বলে মনে করছি। দেশের কাজে যুক্ত হলে ক্যাপ্টেন, নাবিক দেশের বন্দর থেকে উঠবে আর এখানেই নামবে।
“খাবার এখান থেকে দেওয়া হবে এবং দেশের টাকার হিসাবে খাবে। ভাড়ায় থাকায় অনেক সময় বিভিন্ন দেশ হয়ে নাবিকসহ বিভিন্ন কর্মকর্তা যাতায়াত করায় বাড়তি খরচ বহন করতে হয়, আর তাদের খাবার বিদেশের মুদ্রা ধরে পরিশোধ করতে হয়।”
রেজাউল জানান, তাদের অয়েল ট্যাংকার তিনটি ২০১৮ সালে তিন বছরের জন্য বিদেশি কোম্পানির কাছে চুক্তিতে দেওয়া হয়।
“চুক্তি শেষ হয়েছে, তবে এখন তিন মাস করে করে চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।”
বিপিসির সঙ্গে যুক্ত হলে আর বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রয়োজন পড়বে না বলে জানান বিএসসির উপমহাব্যবস্থাপক রেজাউল।
