রোজার পণ্য: রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এলসি খুলতে গভর্নরের তাগাদা
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা পণ্য আমদানিতে ডলার সহায়তা চেয়েছেন; কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তাদের আশ্বস্ত করেছেন গভর্নর।
আসন্ন রোজার পণ্য আমদানিতে ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী এলসি (ঋণপত্র) খুলতে রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে তাগাদা দিয়েছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন গভর্নর।
ব্যাংকগুলোর নিয়মিত এজেন্ডার বাইরে আসন্ন রোজায় পণ্য আমদানিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক সরওয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গভর্নরের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আসন্ন রমজানে আবশ্যক পণ্য আমদানিতে অগ্রাধিকার দিয়ে চাহিদা অনুযায়ী এলসি খুলতে যাতে কোনো সমস্যা না হয়।”
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা বৈঠকে পণ্য আমদানিতে ডলার সহায়তা চেয়েছেন। এর বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন গভর্নর।
এ বিষয়ে সরওয়ার হোসেন বলেন, “আমাদের রপ্তানি আয় ও রেমিটেন্স বেড়েছে। হয়ত দেখা যাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছেই ডলার উদ্বৃত্ত থাকবে। তাদের ডলার সহায়তা আগের মত লাগবে না।”
গত নভেম্বর মাসে বাংলাদেশের রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এরপর ডিসেম্বর মাসে ৫৩৬ কোটি ৫১ লাখ ৯০ হাজার ডলার আয় হয় রপ্তানি থেকে, তাতে প্রবৃদ্ধি হয় ৯ দশমিক ৩৩ শতাংশ। এই সময়ে ১৬৯ কোটি ৯৭ লাখ ডলারের রেমিটেন্স এসেছে দেশে।
অন্যদিকে গত বছরের এপ্রিল থেকে নিয়ন্ত্রণের মধ্যে থাকায় ডিসেম্বরে নতুন এলসি খোলার পরিমাণ কমে ৪০০ কোটি ডলার এবং এলসি নিষ্পত্তি ৫০০ কোটি ডলারের ঘরে রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক।
গত বছর জুনেও নতুন এলসি খোলার পরিমাণ ৭০০ কোটি এবং এলসি নিষ্পত্তির পরিমাণ সাড়ে আটশ কোটি ডলারের ঘরে ছিল।
রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সৌজন্য সাক্ষাত করতে গিয়েছিলাম, রুটিন কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গভর্নর আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন আসন্ন রমজান মাসের পণ্য আমদানি নিয়ে পরিকল্পনা। আমরা জানিয়েছি, গতবারের মত এবারও রমজানের পণ্য আমদানিতে সরকারি ব্যাংক হিসেবে সহায়তা থাকবে।’’
ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠকটি পূর্ব নির্ধারিত কোনো বৈঠক ছিল না। গভর্নর এমন এক সময়ে তাদের সঙ্গে বসলেন, যখন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে নিযুক্ত সমন্বয়কদের কার্য পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সমন্বয়কদের বলা হয়েছে, যেন তারা আগের চেয়ে নিবিড়ভাবে প্রতিটি ঋণ ও তারল্য ব্যবস্থাপনার তত্ত্বাবধান করেন।
অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি এবং অন্য ব্যাংকে বদলির বিষয়ে নতুন সিদ্ধান্ত এসেছে। তাতে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি এবং বদলির ক্ষমতা অর্থ মন্ত্রণালয় নিজের হাতে নিয়েছে, যা নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক চলছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্তাপনা পরিচালক পদটি চুক্তিভিত্তিক হওয়ায় কেবল সরকার এ পদে নিয়োগ দিয়ে এসেছে এতদিন। এখন মহাব্যবস্থাপক পদেও বদলি ও পদোন্নতি দেওয়ার ক্ষমতা অর্থ মন্ত্রণালয়ের হাতে থাকছে।
