২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে ব্যবসায়ীরা নেতৃত্ব দেবেন: গোলাম মুর্শেদ

এফবিসিসিআইয়ের ২০২৩-২৫ নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হয়েছেন ওয়ালটনের সিইও গোলাম মুর্শেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 06:31 PM

Updated : 18 Jul 2023, 06:31 PM

বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারের উন্নীত করতে ব্যবসায়ীরা নেতৃত্ব দেবেন বলে মনে করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ।

ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোলাম মুর্শেদ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ- এফবিসিসিআইয়ের ২০২৩-২৫ নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হয়েছেন। সেই নির্বাচন সামনে রেখে তার ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল চট্টগ্রামে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির যাত্রায় বন্দরনগরীর তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে।

এতে অংশ নেয়ার আগে সোমবার রাতে চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুর্শেদ বলেন, "প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীরা যাতে নেতৃত্ব দিতে পারেন, সেজন্য আমাদের প্যানেল কাজ করবে। এজন্য বিজ্ঞ, প্রবীণ ও নতুনদের নিয়ে আমাদের প্যানেল সাজানো হয়েছে। এ প্যানেল নির্বাচিত হলে আমরা এফবিসিসিআইয়ে নতুন ধারা দেখতে পাব।"

এফবিসিসিআই নেতৃত্ব ভালোভাবে কাজ করলে ট্রিলিয়ন ডলার অর্থনীতি বাস্তবায়ন খুব কঠিন হবে না বলে আশা প্রকাশ করেন ওয়ালটনের সিইও।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে গোলাম মুর্শেদ বলেন, "আমাদের প্যানেলে প্রত্যেকটা ব্যবসায়ী খাতের প্রতিনিধিরা রয়েছেন। চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায়ীরা রয়েছেন। আমরা সবাই মিলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য কাজ করব, মানুষের যাতে ভোগান্তি না হয়।"