ডিলারদের সাথে লেনদেনে বিকাশ ব্যবহার করবে কেএসআরএম
কেএসআরএম দেশে ছয়শর বেশি ডিলারের কাছ থেকে বিকাশের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারবে।
ডিলারদের সঙ্গে সহজে ও নিরাপদে লেনদেন করতে বিকাশের ‘বি-টু-বি সল্যুশন’ ব্যবহার করবে ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম।
বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ঢাকায় বিকাশের প্রধান কার্যালয়ে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে।
বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং কেএসআরএমের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায় কেএসআরএম সারাদেশে তাদের ছয়শর বেশি ডিলারের কাছ থেকে বিকাশের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারবে। এতে যে কোনো দিন যে কোনো সময় লেনদেনের সুবিধা তৈরি হয়েছে।
চুক্তি সই অষ্ঠানে বিকাশের গভর্নমেন্ট পার্টনারশিপ অ্যান্ড বিজনেস সেলস বিভাগের প্রধান মাসরুর চৌধুরী, বিজনেস সেলস বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেহমুদ আশিক ইকবাল, কেএসআরএম এর মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার জসীম উদ্দিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
