শিশুদের জন্য অনুদান পাঠানো সহজ করতে ইউনিসেফ-বিকাশ চুক্তি
গ্রাহকরা বিকাশ অ্যাপে লগইন করে 'ডোনেশন' অপশন থেকে ইউনিসেফ বেছে নিয়ে সরাসরি অনুদান দিতে পারবেন।
বাংলাদেশের শিশুদের জন্য অনুদান পাঠানো আরও সহজ করতে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে চুক্তি সই করেছে ইউনিসেফ।
বৃহস্পতিবার বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্রাহকরা এখন সহজেই বিকাশ অ্যাপে লগইন করে 'ডোনেশন' অপশন থেকে ইউনিসেফ বেছে নিয়ে সরাসরি অনুদান দিতে পারবেন। দেশজুড়ে ছড়িয়ে থাকা বিকাশের বিস্তৃত অফলাইন মার্চেন্ট নেটওয়ার্কের মাধ্যমেও সহায়তা পাঠানো যাবে।
“যে তহবিল সংগৃহীত হবে, তার পুরোটা বাংলাদেশে শিশুদের সহায়তায় ইউনিসেফের নেওয়া কর্মসূচিগুলোতে ব্যয় করা হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিটি শিশুকে মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে সহায়তা প্রদান, সহিংসতা ও শোষণ থেকে শিশুদের সুরক্ষা এবং জরুরি পরিস্থিতিতে জীবনরক্ষাকারী সহায়তা প্রদান।”
ইউনিসেফের প্রাইভেট ফান্ডরাইজিং অ্যান্ড পার্টনারশিপের বৈশ্বিক পরিচালক কারলা হাদ্দাদ মারদিনি এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীরের উপস্থিতিতে চুক্তি সই হয়।
কামাল কাদীর বলেন, “দেশের প্রথম ডিজিটাল ডোনেশন প্ল্যাটফর্ম গড়ে তোলার মাধ্যমে বিকাশ গ্রাহকদের পছন্দসই জায়গায় নিশ্চিন্তে অনুদান পাঠানোর সুযোগ করে দিয়েছে। ইউনিসেফের সঙ্গে আমাদের এই যৌথ উদ্যোগ শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করবে।”
