২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্র এ বছর বই পড়াবে বরিশালে

সোমবার জেলা প্রশাসক শহিদুল ইসলাম শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2024, 08:08 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

বিকাশ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বরিশালের ৯টি স্কুলের শিক্ষার্থীদের বই বিতরণের মধ্য দিয়ে উদ্বোধন এ বছরের বই পড়া কার্যক্রম।

সোমবার জেলা প্রশাসক শহিদুল ইসলাম শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিকাশ। 

এসময় উপস্থিত ছিলেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।

বই পড়া কর্মসূচি যেসব স্কুলে শুরু হয়েছে সেগুলো হলো- বরিশালের ব্যাপ্টিষ্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আলেকান্দা রুপাতলী সাগরদী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, আছমত আলী খান ইনষ্টিটিউশন, কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শহীদ আলতাফ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মমতাজ মজিদুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ইউসেপ সৈয়দ বাড়ি আলেকান্দা টেকনিক্যাল স্কুলে। 

এর আগে স্কুলগুলোর ৪৫০ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতায় ৪০ জন বিজয়ীকে পুরস্কার ও সনদ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, পাঠ্য-পুস্তকের বাইরেও ছাত্র-ছাত্রীরা বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে যাতে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র দেশজুড়ে বই পড়া কর্মসূচি পরিচালনা করে আসছে।

এই উদ্দেশ্যকে আরও প্রসারিত ও কার্যকর করতে গত এক দশক ধরে বই পড়া কর্মসূচির সঙ্গে যুক্ত আছে বিকাশ। 

এ পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখেরও বেশি বই দেয়া হয়েছে যার মাধ্যমে ৩০ লাখ পাঠক উপকৃত হয়েছে। এই বছর এ কার্যক্রমে যুক্ত হওয়া বইয়ের সংখ্যা ৩৯,৮৬০।