২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার স্কিমে আইএফআইসি ব্যাংক

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি সই করেছে আইএফআইসি ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 09:01 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি ও নতুন সম্ভাবনাময় রপ্তানি খাতের বিকাশে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হল আইএফআইসি ব্যাংক পিএলসি।

মঙ্গলবার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি সই করার কথা আইএফআইসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস হেলাল আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক ৭ জুন ‘রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ গঠন করে। ৩ হাজার কোটি টাকার এই আবর্তনশীল তহবিলের লক্ষ্য তৈরি পোশাক খাতের বাইরে সম্ভাবনাময় রপ্তানি খাতের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানো।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানি নীতি ২০২৪-২৭-এ উল্লেখিত সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ও বিশেষ উন্নয়নমূলক খাতের শিল্পগুলো এ স্কিমের আওতায় অর্থায়ন সুবিধা পাবে। স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচামাল ব্যবহারকারী রপ্তানিকারকদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

স্কিমটির মেয়াদ তিন বছর। অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এ সুবিধা দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়নের সুদহার ৪ শতাংশ এবং রপ্তানিকারক পর্যায়ে সর্বোচ্চ সুদহার ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আইএফআইসি ব্যাংক বলেছে, এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, আমদানি-রপ্তানি বাণিজ্যে ভারসাম্য আনা এবং রপ্তানি সহায়ক পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।