ডিজিটালাইজেশনে বড় ভূমিকা রাখছে ‘নগদ’: মোস্তাফা জব্বার
ডাক ভবনে উদযাপন করা হয় ডিজিটাল বাংলাদেশ দিবস।
ডিজিটাল বাংলাদেশ গড়তে ডাক বিভাগের মোবাইল ফাইন্যানসিয়াল সার্ভিস ‘নগদ’ বড় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
মঙ্গলবার নগদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এই মন্তব্য করেন।
ডাক ভবনে উদযাপন করা হয় ডিজিটাল বাংলাদেশ দিবস।
অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, “একটি কৃষিভিত্তিক দেশ বাংলাদেশ, সেই দেশ এখন প্রযুক্তিতে অনেকের ঈর্ষার কারণ। ডিজিটালাইজেশনের বড় একটা ফল হল হাতের মুঠোয় আমরা প্রায় ক্যাশলেস সোসাইটি পেয়েছি।
“মোবাইল ফাইন্যানসিয়াল সার্ভিসের মাধ্যমে আমরা এখন ক্যাশ আউট, ক্যাশ ইন, কেনাকাটা করতে পারছি। আর এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে আমাদের ডাক বিভাগের মোবাইল ফাইন্যানসিয়াল সার্ভিস ‘নগদ’।”
সভায় মূল প্রবন্ধ পড়েন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য মুহাম্মদ মাহফুজুল ইসলাম।
বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. হারুনুর রশীদ, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ প্রমুখ।
