২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: সালমান এফ রহমান

ব্যবসায়ীদের ধৈর্য ও সততার সঙ্গে ব্যবসা পরিচালনার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2024, 10:44 PM

Updated : 18 Jan 2024, 10:44 PM

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেছেন, “বিরাজমান অস্থির বৈশ্বিক প্রেক্ষাপটে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, তা মোকাবেলায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বিগত সময়ে যেভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা হয়েছে, সেভাবেই এই চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের গতি চলমান থাকবে।”

বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ায় এদিন বিকালে আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে উপদেষ্টার কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

এ সময় ব্যবসায়ীদের ধৈর্য ও সততার সঙ্গে ব্যবসা পরিচালনার জন্য অনুরোধ জানান সালমান এফ রহমান। পরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে শুভেচ্ছা জানান। এসময় সালমান এফ রহমান দেশের সব ফার্মেসিতে ফার্মাসিস্ট নিয়োগের অনুরোধ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আরও ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তারা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাকীম বিল্লাহ ফারূকীও শুভেচ্ছা জানাতে আসেন। মাদকের বিস্তার প্রতিরোধে চলমান কার্যক্রম আরও জোরদারের জন্য তাকে নির্দেশনা দেন উপদেষ্টা সালমান।