১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দাম কমল জেট ফুয়েলের

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে মূল্য হ্রাসের কথা বলেছে বিইআরসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 11:30 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

দেশের অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত উড়োজাহাজের জ্বালানি তেল (জেট ফুয়েল) প্রতি লিটার ১০৪ টাকা ৬১ পয়সা থেকে কমিয়ে ৯৪ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

একই সঙ্গে আন্তর্জাতিক রুটে জেট ফুয়েলের দাম প্রতি লিটার ৬৮ সেন্ট থেকে কমিয়ে ৬২ সেন্ট করা হয়েছে।

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বুধবার মূল্য হ্রাসের কথা বলেছে বিইআরসি। এদিন রাত ১২টা থেকেই নতুন দর কার্যকর হবে।

এর আগে ২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি। সেসময় কমিশন বলে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জেট ফুয়েলের দাম সমন্বয় করা হবে। বিশ্ববাজারে দাম বাড়লে দেশে বাড়বে এবং কমলে কমানো হবে।

এর আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) উড়োজাহাজের জ্বালানির দাম সময় সময়ে নির্ধারণ করে আসছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৫ সেপ্টেম্বর ফার্নেস অয়েল ও জেট এ–১ জ্বালানির দাম নির্ধারণের ক্ষমতা বিইআরসিকে দেওয়া হয়। গত ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণে গণশুনানি করে কমিশন।

বিপিসির বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২–২৩ অর্থবছরে দেশে জেট ফুয়েল বিক্রি হয় ৪ লাখ ৭১ হাজার ৫৩৫ মেট্রিক টন। পরবর্তী অর্থবছর ২০২৩–২৪ সালে বিক্রির পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৪১ হাজার ৩৩ মেট্রিক টনে।