২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে বেতন বাড়ছে ৫ শতাংশ

এবার এ ‘বিশেষ সুবিধা’ পাবেন রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির সব কর্মী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2023, 12:08 AM

Updated : 19 Dec 2023, 12:08 AM

সব কর্মীদের বেতন ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স; যা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।

সোমবার এ সংক্রান্ত আদেশে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি বলছে, পেনশনভোগী ও অবসরোত্তর ছুটিতে থাকা সাবেক কর্মকর্তা ও কর্মচারীরাও বেতন বাড়ানোর এ ‘বিশেষ সুবিধা’ পাবেন।

বিমানের পরিচালক (প্রশাসন) সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এ প্রশাসনিক আদেশে বলা হয়, বিমানের ১৯৮তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়।

আদেশে বলা হয়, “বিমান, বিএফসিসি, বিপিসির কর্মকর্তা-কর্মচারী এবং ক্যাজুয়াল কর্মচারীরা চলতি বছরের ১ জুলাই থেকে প্রাপ্য মূল বেতনের ৫ শতাংশ হারে (এক হাজার টাকার কম নয়) বিশেষ সুবিধা প্রাপ্য হবেন।”

অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারীরা সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ওপর এবং পেনশনভোগীরা প্রাপ্য নিট পেনশনের ওপর ৫ শতাংশ হারে (এক হাজার টাকার কম নয়) এ সুবিধা পাবেন। স্কেলভুক্ত চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে বলে আদেশ বলা হয়েছে।

একই সঙ্গে এতে বলা হয়েছে, এ সুবিধা প্রতি বছর দেওয়ার ক্ষেত্রে পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে।

এর আগে ‘ক্যাজুয়াল স্টাফ’ ছাড়া সবার ৫ শতাংশ বেতন বাড়ানো হয়েছিল। নতুন আদেশে তাদেরসহ সবার বেতন বাড়ানো হয় এবং গত ২৪ সেপ্টেম্বরের আদেশটি বাতিল করা হয়।