Published : 06 May 2025, 11:18 PM
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বার্ষিক সভায় যোগ দিয়ে জলবায়ু ও আঞ্চলিক সহযোগিতাসহ চারটি খাতে সহায়তার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
ইতালির মিলানে অনুষ্ঠিত ওই সভায় তিনি এ আহ্বান জানান বলে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
অর্থ উপদেষ্টা ডিজিটাল অন্তর্ভুক্তি, অবকাঠামো, ই-গভর্ন্যান্স ও ডিজিটাল শিক্ষা সম্প্রসারণে সহায়তা বাড়ানোর আহ্বান জানান। জলবায়ু কার্যক্রম, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ুবান্ধব কৃষি এবং উপকূলীয় সুরক্ষার জন্য বেশি পরিমাণে ছাড়যুক্ত অর্থায়ন চান তিনি।
এ ছাড়া আঞ্চলিক সংযোগ যেমন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্য, শক্তি ও পরিষেবার ক্ষেত্রে আন্তঃসীমান্ত বিনিয়োগ ত্বরান্বিত করার প্রস্তাব দেন। সেইসঙ্গে টেকসই অর্থায়ন, ঋণ টেকসই অবস্থা বজায় রেখে উন্নয়ন চাহিদা পূরণে ছাড়যুক্ত তহবিল ও উদ্ভাবনী অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির কথাও বলেন উপদেষ্টা।
সভায় অর্থ উপদেষ্টা বলেন, “নোবেল জয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ স্বচ্ছতা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের পথে এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এ সংকটপূর্ণ সময়ে শুধু অর্থায়ন নয়, কাঠামোগত সংস্কার ও দীর্ঘমেয়াদি সহনশীলতা গড়ে তোলার ক্ষেত্রে এডিবির ভূমিকা আগের যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ।”
এডিবির সভায় সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ প্রতিনিধি দলের অন্যরা অংশ নেন।
প্রতিনিধি দল যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেছে বলে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে।