ঋণ বিতরণ বন্ধ: যে ব্যাখ্যা দিল ইসলামী ব্যাংক
বিতরণ করা ঋণ যাতে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয়, সেই লক্ষ্যেই এ পদক্ষেপ, বলছে ব্যাংকটি।
নতুন সিদ্ধান্তের ব্যাখ্যয় ইসলামী ব্যাংক বলেছে, ব্যাংকের জোন ও শাখা পর্যায় থেকে ঋণ বিতরণ বন্ধ করা হয়নি। তারা বিনিয়োগ ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছে।
ব্যাংকের ঋণ যাতে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয়, সেই লক্ষ্যেই এ পদক্ষেপ বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসরকারি ব্যাংকটি।
ইসলামী ব্যাংকের শাখা পর্যায় ঋণ দিতে পারবে না- বৃহস্পতিবার কয়েকটি সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশের পর ব্যাংকটির এই ব্যাখ্যা এল, যা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্যাংকের বিনিয়োগকৃত অর্থ যাতে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয়, সেদিকে লক্ষ্য রেখে আমরা বিনিয়োগ ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছি।”
ইসলামী ব্যাংক ঋণ বিতরণের চেয়ে এখন আদায়ের দিকে বেশি মনোনিবেশ করেছে উল্লেখ করে বলা হয়েছে, শাখা ও জোনসমূহকে বিতরণকৃত বিনিয়োগ যথাসময়ে আদায় ও খেলাপি বিনিয়োগ ন্যুনতম পর্যায়ে রাখা এবং বিনিয়োগ সমভাবে বণ্টন নিশ্চিত করাসহ নিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ নির্দেশনা।
“ব্যাংকের ২৯টি কল্যাণমূখী প্রকল্পের মাধ্যমে শাখা ও জোন পর্যায়ে গ্রামীণ উদ্যোক্তাদের মাঝে বিনিয়োগ বিতরণ অক্ষুণ্ন রেখে অন্যান্য বিনিয়োগ কেন্দ্রীয়ভাবে অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আমানত ও বিনিয়োগের সার্বিক অবস্থা বিবেচনা করে বিভিন্ন সময় নীতিগত সিদ্ধান্তে পরিবর্তন ব্যাংকের একটি ‘স্বাভাবিক প্রক্রিয়ার অংশ’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “নতুন বিনিয়োগের চেয়ে খাদ্যসামগ্রী, জ্বালানি, সার ও ভোগ্যপণ্যে বিনিয়োগে আরও স্বচ্ছতা আনতে প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিনিয়োগ উইংসমূহকে শক্তিশালী করা হচ্ছে।”
ঋণ অনুমোদনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও ব্যাংকের নিজস্ব নীতিমালার আলোকেই করা হয়ে থাকে বলেও জানান হয়েছে।
