১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেরা করদাতা সম্মাননার সংখ্যা কমছে, কিছু ক্ষেত্রে বাড়ছে সুবিধা

আগে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হত সেরা করদাতার সম্মাননা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 07:17 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

সেরা করদাতাদের সম্মাননা দেওয়ার ক্ষেত্রে গত কয়েকবছর ধরে যে ধারা চলে আসছিল, সেখান থেকে সড়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

আগে ‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’ অনুযায়ী ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হত সেরা করদাতার সম্মাননা। এখন থেকে বছরে বিভিন্ন ক্যাটাগরি মিলে ৭২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হবে। 

একই সঙ্গে এ সম্মাননার বিপরীতে কিছু ক্ষেত্রে সুবিধাও কমিয়েছে সরকার। আবার কিছু ক্ষেত্রে সমজাতীয় সুবিধার আওতা বাড়িয়েছে।

সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডির জারি করা ‘সেরা করদাতা সম্মাননা নীতিমালা, ২০২৬’ সংক্রান্ত প্রজ্ঞাপনে এসব তথ্য উঠে আসে। 

পুরোনো নীতিমালা অনুযায়ী একজন সেরা করদাতা বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পেতেন। এখন নতুন ‘সেরা করদাতা সম্মাননা নীতিমালা, ২০২৬’ অনুযায়ী পাবেন তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন।

তবে এর আওতা বাড়িয়ে রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালেও ভিআইপি লাউঞ্জ ব্যবহার সুবিধার কথা বলা হয়েছে নতুন নীতিমালায়।

এছাড়াও আগে কেবল সংশ্লিষ্ট জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং নাগরিক সংবর্ধনায় সেরা করদাতাদের আমন্ত্রণের কথা বলা হয়েছে। তবে এবার সংশ্লিষ্ট জেলায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণের সুবিধা রাখা হয়েছে।

নতুন সেরা করদাতা সম্মাননা নীতিমালার প্রজ্ঞাপনে বলা হয়, করদাতাদের বিশেষ সম্মান, স্বীকৃতি দেওয়া এবং সব নাগরিককে কর দিতে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে নতুন নীতিমালা করা হয়েছে। এর লক্ষ্য আগের জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা এবং জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময়ব্যাপী আয়কর দেওয়া করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালাকে যুগোপযোগীকরণ ও অধিকতর যৌক্তিকীকরণ করা। 

‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা’ প্রণয়নের উদ্যোগের কথা আগেই বলেছিল সরকার। তখন অবশ্য নতুন এই নীতিমালার আওতায় খাতভিত্তিক সর্বোচ্চ কর প্রদানকারীসহ মোট ৬৭ জনকে ‘সেরা করদাতা’ হিসেবে পুরস্কৃত করার কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি বলেন, “করদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামাজিকভাবে সম্মানিত করা এবং সবাইকে কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে সেরা করদাতা পুরস্কার নীতিমালা ২০২৬ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

“এর ভিত্তিতে খাতভিত্তিক সর্বোচ্চ ২২টিসহ মোট ৬৭ জনকে সেরা করদাতার পুরস্কার দেওয়া হবে। সেরা করদাতা ব্যক্তিরা জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ, জেলা ও জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ, সার্কিট হাউজে অগ্রাধিকার, সরকারি হাসপাতালে কেবিন সুবিধা, যানবাহনে টিকিট অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ এবং ক্রীড়া প্রদর্শনীতে টিকেট প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন।”

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক সর্বশেষ ২০২২-২৩ করবর্ষে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতার সম্মাননা দেওয়া হয়। ২০২৩ সালের ডিসেম্বর মাসে দেওয়া হয় এ সম্মাননা।

এরপর ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের পর এ সম্মাননা দেওয়া থেকে বিরত ছিল অন্তর্বর্তী সরকার।

ওই সরকারের সময়ে ২০২৪ এবং ২০২৫ সেরা করদাতা পুরস্কার প্রদান বন্ধ থাকার পর নতুন করে এ সম্মামনা সীমিত আকারে হলেও দেওয়ার উদ্যোগ নিল বিএনপি সরকার।

কারা পাবে সম্মাননা?

সেরা করদাতা সম্মাননা দেওয়ার জন্য ব্যক্তি (বিশেষ শ্রেণি ও পেশাজীবী শ্রেণি) ও কোম্পানি (কোম্পানি ও খাতভিত্তিক কোম্পানি) ক্যাটাগরিতে সর্বমোট ৭২ জন সেরা করদাতা নির্বাচন করা হবে। এরমধ্যে ব্যক্তি ক্যাটাগরিতে করদাতা সম্মাননার সংখ্যা হবে ৩৩ জন। অন্যদিকে সর্বোচ্চ কর দেওয়া কোম্পানি পর্যায়ের করদাতা সম্মাননা হবে ৩৯টি।

ব্যক্তিশ্রেণির করদাতাদের মধ্যে সর্বোচ্চ কর দেওয়া ব্যক্তি পর্যায়ের করদাতা সম্মাননা সংখ্যা হবে ২৪টি।

এরমধ্যে সর্বোচ্চ কর দেওয়া ব্যক্তি করদাতা ১৫ জন, সিনিয়র সিটিজেন করদাতা (একজন নারী ও একজন পুরুষ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা একজন, প্রতিবন্ধী ব্যক্তি করদাতা একজন, নারী করদাতা পাঁচজন নির্বাচিত হবেন।

এছাড়াও পেশা বিবেচনায় আরও ৯ জন নির্বাচিত হবেন। এরমধ্যে বেতনভোগী, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, খেলোয়াড় ও শিল্পী- এই নয় ক্যাটাগরির প্রত্যেক বিভাগ থেকে একজন করে সম্মাননা পাবেন।

আগে এসব ক্যাটাগরিতে তিন থেকে পাঁচজন করে পুরস্কার পেতেন। ক্যাটাগরির সংখ্যাও ছিল বেশি। এবার ব্যবসায়ী, নতুন করদাতা, অভিনেতা বা অভিনেত্রী এবং অন্যান্য এই চার ক্যাটাগরি বাদ দেওয়া হয়েছে। শিল্পীর মধ্যে আগে কেবল গায়ক বা গায়িকা ধরা হত, এবার আলাদা করা হয়নি।

কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ কর প্রদান বিবেচনায় ১৫ প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে।

আর ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা-লাইফ, বীমা-নন লাইফ, চিকিৎসা সেবা, তৈরি পোশাক, প্রকৌশল, ইস্পাত প্রকৌশল, কৃষি, খাদ্য ও আনুষঙ্গিক, জ্বালানি, পাট, স্পিনিং ও টেক্সটাইল, ওষুধ ও রসায়ন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, রিয়েল এস্টেট, চামড়া শিল্প, শিক্ষা, পর্যটন, চা শিল্প, ট্রাস্ট ও সিরামিক খাতে একটি করে প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে এবং অন্যান্য খাত থেকে দুইটি প্রতিষ্ঠানকে। সবমিলিয়ে ২৪টি প্রতিষ্ঠান হবে এ ক্ষেত্রে।

সুবিধা মিলবে কী?

এবার সেরা করদাতারা সংশ্লিষ্ট জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। এছাড়া সংশ্লিষ্ট জেলায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ, সার্কিট হাউসে কক্ষ পাওয়ায় অগ্রাধিকার; তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং পাওয়াতেও অগ্রাধিকার পাবেন তারা।

এছাড়া পুরস্কারপ্রাপ্ত সেরা করদাতার স্ত্রী বা স্বামী, সন্তান ও নিজের চিকিৎসার জন্য সংশ্লিষ্ট জেলায় অবস্থিত সরকারি হাসপাতালের কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। বিমানবন্দর, রেলস্টেশন এবং লঞ্চ টার্মিনালের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধাও পাবেন তারা।

জাতীয় পর্যায় ও বাংলাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া প্রদর্শনীতে টিকেট প্রাপ্তিতে অগ্রাধিকার থাকবে তাদের। বিআরটিএ এবং পাসপোর্ট অফিসে সেবাতেও তারা অগ্রাধিকার পাবেন।