২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাইলেই সব ব্যাংকে ‘ব্যাংকাসুরেন্স’ নয়, লাগবে অনুমোদন

বিভিন্ন শর্ত ও বাধ্যবাধকতা রেখে এ বিষয়ে নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 11:27 PM

Updated : 23 Dec 2023, 09:59 PM

করপোরেট এজেন্ট হিসেবে বীমার বিভিন্ন সেবা বিপণন ও বিক্রয় কার্যক্রমে যুক্ত হতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে অনুমোদন নিতে হবে। 

একই সঙ্গে ‘ব্যাংকাসুরেন্স’ চালুর ক্ষেত্রে ব্যাংকের আর্থিক সূচকের একটি মানদণ্ড ঠিক করে দেওয়া হয়েছে। এতে বীমা ব্যবসায় চাইলেই যে কোনো ব্যাংক নিযুক্ত হতে পারবে না। 

বুধবার এসব বিষয় যুক্ত করে ‘ব্যাংকাসুরেন্স গাইডলাইন্স (ব্যাংকের জন্য প্রযোজ্য)’ শীর্ষক নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। 

নীতিমালায় বলা হয়েছে, ব্যাংকাসুরেন্স চালু করতে বাধ্যবাধকতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন নিতে হবে। 

একইসঙ্গে বীমা পণ্য বিক্রির পর গ্রাহককে বীমা দাবি পেতে সহযোগিতা করার বাধ্যবাধকতাও রেখেছে বাংলাদেশ ব্যাংক। 

এ বিষয়ে বলা হয়েছে, ব্যাংক চূড়ান্ত দাবি নিষ্পত্তির ক্ষেত্রে বীমাকৃত ব্যক্তি এবং তার মনোনীত নমিনীকে যথোপযুক্ত প্রমাণাদি এবং প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় সহায়তা এবং পরামর্শ প্রদান করবে। 

গত ১২ ডিসেম্বর ব্যাংকগুলোকে সাধারণ ও জীবন বীমাসহ সব ধরনের বীমার করপোরেট এজেন্ট হওয়ার সুযোগ দিতে ‘ব্যাংকাসুরেন্স’ অনুমোদন করে বাংলাদেশ ব্যাংক। 

এর মাধ্যমে তফসিলি ব্যাংক বীমা কোম্পানির ‘করপোরেট এজেন্ট’ হিসেবে বীমাপণ্য বিপণন ও বিক্রয় ব্যবসায় নিয়োজিত হতে পারবে। 

নীতিমালায় অন্যান্য শর্তের মধ্যে রয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর বাণিজ্যিক ব্যাংকগুলো এ বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিতে যেতে পারবে। 

বীমা ব্যবসায় যুক্ত হতে বাণিজ্যিক ব্যাংকগুলোর মূলধনের বিপরীতে ঝুঁকিভিত্তিক সম্পদের-সিআরএআর (ক্যাপিটাল কনভাসারভেশন বাফারসহ) অনুপাত সাড়ে ১২ শতাংশ হতে হবে। 

Image

বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ মূলধন সংরক্ষণ প্রতিবেদন অনুযায়ী, ১৪টি ব্যাংকের সিআরএআর সাড়ে ১২ শতাংশের নিচে রয়েছে, যার মধ্যে রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংক আছে।

ব্যাসেল-৩ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের দেওয়া ক্রেডিট রেটিংয়ে গ্রেড-২ এর নিচে থাকা ব্যাংকও বীমা ব্যবসায় যুক্ত হতে পারবে না বলে নীতিমালায় বলা হয়েছে। ক্যামেলস রেটিং ন্যুনতম ২ থাকতে হবে। 

খেলাপি ঋণের বিষয়ে বলা হয়, নিট খেলাপী ঋণের হার ৫ শতাংশের বেশি পারবে না।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, সর্বশেষ গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ৫ শতাংশের নিচে থাকা ব্যাংকের সংখ্যা ২৬টি। তবে নিট খেলাপি ঋণ হিসাব করলে এ সংখ্যা কিছুটা বাড়বে।

নীতিমালার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, ব্যাংকগুলোর জন্য একটি নীতিমালা প্রণয়ন ও তদারকি কাঠামো প্রতিষ্ঠা করা। 

ব্যাংকের নেটওয়ার্ক ও গ্রাহক তথ্যাদি ব্যবহার করে বীমাপণ্য বিতরণের সুযোগ তৈরি করার মাধ্যমে বীমা খাতের ব্যাপ্তি বাড়ানো এর উদ্দেশ্য। ব্যাংকিং ও বীমা পরিষেবার বিস্তৃতি এবং একটি নিরাপদ ও সুরক্ষিত আর্থিক কাঠামোর আওতায় আর্থিক অন্তর্ভুক্তির বিস্তার, বীমার আওতায় ভোক্তার নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে সামাজিক নিরাপত্তা এবং স্থায়িত্বের অগ্রগতি সাধনে সহায়তা এবং ব্যাংকাসুরেন্সের জন্য ওয়ান স্টপ সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা এর লক্ষ্য। 

ব্যাংকাসুরেন্স চালু করতে একটি ব্যাংকের পরপর তিন বছর মুনাফায় থাকতে থাকার শর্ত দিয়ে বলা হয়, অনুমোদন পাওয়ার পর স্বতন্ত্র ব্যাংকাসুরেন্স ইউনিট বা উইং প্রতিষ্ঠা করতে হবে।

নীতিমালায়, ব্যাংক বীমাকারীর বীমা সংক্রান্ত কোনো ঝুঁকি গ্রহণ করবে না বা বীমাকারী হিসেবে কাজ করবে না মর্মে স্পষ্টভাবে ঘোষণা প্রদান করবে। 

শর্তে বলা হয়, ব্যাংক কোনো গ্রাহককে বীমাপণ্য গ্রহণে বাধ্য করতে পারবে না। এছাড়া কোনো গ্রাহককে বীমাপণ্য ক্রয়ে উৎসাহিত করার জন্য বীমা কোম্পানি ঘোষিত মূল্য ব্যাতিরেকে অন্য কোনো প্রণোদনা (অতিরিক্ত ছাড়/নগদ

ফেরত অথবা কোন প্রকার ফি বা সুদ মওকুফের মাধ্যমে) প্রদান করবে না। 

ব্যাংকান্সুরেন্স চিফ অফিসারসহ প্রয়োজনীয় কর্মকর্তা নিয়োগের শর্ত উল্লেখ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকান্সুরেন্স সম্পর্কিত বার্ষিক ও প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হবে। 

বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষের (আইডিআরএ) তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৮১টি বীমা কোম্পানি রয়েছে। এর মধ্যে সাধারণ বীমা ৪৬টি ও জীবন বীমা ৩৫টি। এগুলোর মধ্যে ৫৭টি পুঁজিবাজারে তালিকাভুক্ত।