শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরের মহারাজা পার্টি হলে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে এক সেমিনারে বক্তব্য দেন বিশ্ব ব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক ও সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউস।
Published : 25 Feb 2024, 10:46 PM
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বিশ্ব ব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক ও সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউস।
শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরের মহারাজা পার্টি হলে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে এক সেমিনারে তিনি এই আহ্বান জানান।
রোববার বাংলাদেশ-আমেরিকা সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লস এঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল উইং, বাংলাদেশ-আমেরিকা সোসাইটি গ্রেটার হিউস্টন ও বাংলাদেশ-আমেরিকান বিজনেস অ্যাসোসিয়েশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
মূল প্রবন্ধে কায়কাউস বলেন, “নানা ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রযুক্তির সুবিধাও পৌঁছে গেছে তৃণমূল পর্যায়ে। সরকার সারাদেশে একশটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করছে।”
ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে কায়কাউস বলেন, বাংলাদেশে বিনিয়োগ সহজ করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নতুন নতুন নীতি ও পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।
এসব উদ্যোগের ফলে আগামী কয়েক বছর বিশ্বের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশে বড় আকারের বিনিয়োগ ঢুকবে বলে মনে করেন তিনি।
সেমিনারে টেক্সাস হিউস্টনের বিভিন্ন কাউন্টির দেড় শতাধিক ব্যবসায়ী অংশ নেন।
আলোচনায় বাংলাদেশের সাবরাং টুরিজম পার্ক, নাফ টুরিজম পার্ক এবং সোনাদিয়া ইকো টুরিজম পার্কের বিস্তারিত তুলে ধরেন লস এঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর এস এম খুরশিদ উল আলম। এরপর উপস্থিত ব্যবসায়ীদের অনেকেই সেখানে বিনিয়োগের আগ্রহ দেখান।
বাংলাদেশে বিনিয়োগ করলে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি।
আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য দেন হ্যারিস কাউন্টির এক্সিকিউটিভ ডিরেক্টর এবং কাউন্টি ইঞ্জিনিয়ার মিল্টন রহমান।
ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল মিনিস্টার মো. সেলিম রেজা, বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল মার্টিয়ার ম্যাকবে, বাংলাদেশ-আমেরিকা সোসাইটি গ্রেটার হিউস্টনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান শিপলু, বাংলাদেশ-আমেরিকান বিজনেস অ্যাসোসিয়েশনের সাপ্নিক খানসহ অ্যাসোসিয়েশন দুটির নেতারা বক্তব্য দেন।