২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি ও রেমিটেন্স: ইরান যুদ্ধ যেভাবে ভারতকে ভোগাচ্ছে

ইরান যুদ্ধের কারণে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ ভারত একদিকে জ্বালানি নিয়ে মুশকিলে পড়েছে, অন্যদিকে দুশ্চিন্তা বাড়াচ্ছে প্রবাসী আয়।

জ্বালানি ও রেমিটেন্স: ইরান যুদ্ধ যেভাবে ভারতকে ভোগাচ্ছে
যুদ্ধের কারণে দুবাই বিমানবন্দরে আটকা পরা একটি ভারতীয় পারিবার। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2026, 01:08 AM

Updated : 26 Aug 2026, 03:06 PM

মধ্যপ্রাচ্যে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছে, তার অভিঘাত ধীরে ধীরে ভারতেও অনুভূত হতে শুরু করেছে।

এক প্রতিবেদনে বিবিসি লিখেছে, ইরান যুদ্ধের কারণে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ ভারত একদিকে জ্বালানি নিয়ে মুশকিলে পড়েছে, অন্যদিকে দুশ্চিন্তা বাড়াচ্ছে প্রবাসী আয়।

ভারতের আমদানি করা অপরিশোধিত তেলের প্রায় অর্ধেক এবং এলএনজি ও এলপিজির বড় অংশ পারস্য উপসাগরের সরু জলপথ হরমুজ প্রণালি দিয়ে আসে। কিন্তু যুদ্ধের কারণে এখন ওই গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত বন্ধ।

মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু জ্বালানি আমদানিতে সীমাবদ্ধ নয়। উপসাগরীয় দেশগুলোতে প্রায় এক কোটি ভারতীয় কাজ করেন। তারা দেশে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠান, যা লাখো পরিবারের জীবিকা এবং ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভে বড় অবদান রাখে।

আরও বিস্তৃতভাবে দেখলে মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্ক গভীর। ব্রোকারেজ হাউজ জেফারিজের হিসাব অনুযায়ী, ভারতের মোট রপ্তানির ১৭ শতাংশ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই যায়। সেখান থেকেই আসে ৫৫ শতাংশ অপরিশোধিত তেল এবং মোট রেমিটেন্সের ৩৮ শতাংশ।

ফলে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ায় ভারতের ওপর প্রভাব পড়বে বিভিন্ন দিক থেকে। ওয়াশিংটন, তেহরান ও আরব উপসাগরীয় রাষ্ট্রগুলোর মধ্যে দিল্লির সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্যও ঝুঁকিতে পড়বে। 

থিংক ট্যাংক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের হার্শ ভি পান্ত বলেন, বাড়তে থাকা অনিশ্চয়তার মধ্যে ভারত আপাতত অপেক্ষা করছে ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ইলাস্ট্রেশন: রয়টার্স

ইলাস্ট্রেশন: রয়টার্স

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর মার্কিন স্থাপনা ও জ্বালানি অবকাঠামোকে নিশানা করেছে। তাতে দিল্লিরও উদ্বেগ বেড়েছে। 

পান্তের মতে, আরব বিশ্বের সঙ্গে ভারতের অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক অনেক বেশি গভীর। তাই সেখানকার ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞ নিয়ে ভারতের উদ্বেগও বেশি। 

পান্ত সতর্ক করে বলেন, সংকট দীর্ঘায়িত হলে তা ওই অঞ্চলের সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদি সম্পৃক্ততার জন্যও ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।

ভারত-ইরান সম্পর্ক নিয়ে যত কথাই বলা হোক, পান্তের মতে, বাস্তবে সেই সম্পর্ক বহুদিন ধরেই সীমিত। বৈশ্বিক অর্থনীতিতে ইরানের কোনঠাসা অবস্থা এর বড় কারণ। 

ইরানের এই বাস্তবতা ভারতকে গুরুত্বপূর্ণ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে বাধ্য করেছে। ফলে সেখানে যখন অস্থিরতা দেখা দিয়েছে, দিল্লিরও স্বস্তিতে থাকার সুযোগ নেই।

কূটনৈতিকভাবেও ভারত ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করেন ইরানে ভারতের সাবেক রাষ্ট্রদূত কে সি সিং।

তিনি ‘দ্য ট্রিবিউন’-এ লিখেছেন, “হামলার কয়েক দিন আগে ইসরায়েলকে সমালোচনা না করার যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছিলেন, তা ভারতের নিরপেক্ষ অবস্থানকে ক্ষুণ্ন করেছে। ইরান বিষয়টি ভুলবে না।”

তেল ও গ্যাস

ইরান যুদ্ধের কারণে ভারত কি জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে?

বিবিসি লিখেছে, এখনই সেরকম কিছু ঘটছে না। তবে হরমুজ প্রণালি ঘিরে যুদ্ধ পরিস্থিতি দেখিয়ে দিয়েছে, দেশটির জ্বালানি নিরাপত্তা একটি সরু জলপথের ওপর কতটা নির্ভরশীল।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস হরমুজ দিয়ে যাতায়াত করে। ভারতের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ দেশটি তার মোট তেলের চাহিদার প্রায় ৯০ শতাংশ আমদানি করে।

ভারতের আমদানি করা অপরিশোধিত তেলের প্রায় অর্ধেক ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত থেকে ওই হরমুজ প্রণালি দিয়েই আসে, যার পারিমাণ প্রতিদিন প্রায় ২৫ থেকে ২৭ লাখ ব্যারেল।

জেফারিজের হিসাব অনুযায়ী, প্রতি ব্যারেল তেলের দাম ১০ ডলার বাড়লে ভারতে মূল্যস্ফীতি হতে পারে প্রায় ০.২ থেকে ০.২৫ শতাংশ পয়েন্ট। ফলে ভোক্তাদের ওপর সরাসরি এর প্রভাব পড়বে। সরকার যদি সাধারণ মানুষকে স্বস্তি দিতে জ্বালানি কর কমায়, তাহলে আবার রাজস্ব ঘাটতি বাড়বে।

তবে ভারতের তাৎক্ষণিক উদ্বেগ হয়ত অপরিশোধিত তেল নয়।

এলএনজি ও এলপিজির বড় অংশ পারস্য উপসাগরের সরু জলপথ হরমুজ প্রণালি দিয়ে আসে। ছবি: রয়টার্স

এলএনজি ও এলপিজির বড় অংশ পারস্য উপসাগরের সরু জলপথ হরমুজ প্রণালি দিয়ে আসে

মেরিটাইম ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান ক্লেপারের বিশ্লেষক সুমিত রিতোলিয়া বলেন, “হরমুজ ঘিরে ঝুঁকি অবশ্যই উদ্বেগজনক। কিন্তু আমি অপরিশোধিত তেলের চেয়ে এলপিজি ও এলএনজি নিয়ে বেশি চিন্তিত।”

এর কারণ ভারত বিগত বছরগুলোতে জ্বালানি ব্যবহারে এক ধরনের কাঠামোগত পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। সরকারি বিভিন্ন কর্মসূচির ফলে রান্নার জ্বালানি হিসেবে এলপিজির ব্যবহার দ্রুত বেড়েছে, যা জৈব জ্বালানিকে অনেকটাই প্রতিস্থাপন করেছে।

ভারতের ব্যবহৃত এলপিজির ৮০ থেকে ৮৫ শতাংশ আমদানি করতে হয়। চীনের পর তারাই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক।

এই সরবরাহের প্রায় পুরোটাই উপসাগরীয় দেশ—বিশেষ করে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত থেকে আসে এবং প্রায় সব জাহাজই হরমুজ প্রণালি দিয়ে যায়।

এলএনজির ক্ষেত্রেও পরিস্থিতি মোটামুটি একইরকম। 

ভারতের নিজস্ব গ্যাস চাহিদার খুব সামান্যই মেটাতে পারে, অথচ বিদ্যুৎ উৎপাদন, সার, রান্নার জ্বালানি, পরিবহন ও শিল্পে গ্যাসের ব্যবহার ক্রমেই বাড়ছে।

গত বছর ভারত প্রায় ২৫ মিলিয়ন টন এলএনজি আমদানি করেছে, যার প্রায় ১৪ মিলিয়ন টন এসেছে হরমুজ হয়ে। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিশ্বের বড় ক্রেতাদের তালিকায় রয়েছে ভারত।

এলপিজির ক্ষেত্রে ঝুঁকি বেশি হওয়ার আরেকটি কারণ হলো মজুদের ঘাটতি।

অপরিশোধিত তেলের মত ভারতের উল্লেখযোগ্য পরিমাণ এলপিজি মজুদ নেই, সংরক্ষণ ক্ষমতাও সীমিত। আমদানি বন্ধ হয়ে গেলে রিফাইনারি ও পরিবেশকদের হাতে থাকা মজুদ দিয়ে মাত্র দুই থেকে তিন সপ্তাহের চাহিদা মেটানো যাবে।

অপরিশোধিত তেলের ক্ষেত্রে পরিস্থিতি সামাল দেওয়া তুলনামূলকভাবে সহজ।

ভারতের রিফাইনারি ও বাণিজ্যিক মজুদে প্রায় ১০০ মিলিয়ন ব্যারেল তেল রয়েছে, যার প্রায় ৮০ শতাংশ ব্যবহারযোগ্য। তা দিয়ে ৩০ থেকে ৩৫ দিনের চাহিদা মেটানো সম্ভব বলে রিতোলিয়া জানান।

ডিজেল ও জেট ফুয়েলের মত পরিশোধিত জ্বালানির বড় রপ্তানিকারক হওয়ায় প্রয়োজনে দেশটি এসব পণ্যের রপ্তানি কমিয়েও সরবরাহ ধরে রাখতে পারবে।

বিকল্প উৎসও আছে। ভারত রাশিয়া বা আটলান্টিক অঞ্চলের দেশ যুক্তরাষ্ট্র, পশ্চিম আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে তেল আমদানি বাড়াতে পারে।

তবে সেসব জায়গা তেল পৌঁছাতে ২৫ থেকে ৪৫ দিন সময় লাগে, যেখানে উপসাগরীয় অঞ্চল থেকে লাগে মাত্র পাঁচ থেকে সাত দিন। ফলে সরবরাহে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন ব্যয়ও বাড়বে।

বিশেষজ্ঞদের ধারণা, প্রয়োজন হলে ভারত আবারও রাশিয়ার তেলের দিকে বেশি মাত্রায় ঝুঁকে যাবে। 

রিতোলিয়া বলেন, “এই মুহূর্তে ভারত মহাসাগরে প্রায় ২৫ থেকে ৩০ মিলিয়ন ব্যারেল রাশিয়ার তেলবাহী জাহাজ ভাসছে। ভারত ও চীনই এর প্রধান ক্রেতা হওয়ায় এগুলো সম্ভাব্য বিকল্প হিসেবে রয়েছে।”

বিশ্লেষকদের ধারণা, জ্বালানি সরবরাহের কারণে না, প্রথম ধাক্কাটি আসবে খরচের দিক দিয়ে।

ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম, জাহাজ ভাড়া এবং ঝুঁকি বিমার খরচ বাড়তে পারে। ফলে সরবরাহ বজায় থাকলেও ভারতের আমদানি বিল বাড়বে।

তবে ক্লেপারের ধারণা, হরমুজ দীর্ঘ সময়ের জন্য পুরোপুরি বন্ধ থাকবে না। হয়ত সাময়িক ধীরগতি চলবে, জাহাজের পথ পরিবর্তন বা নিরাপত্তা তল্লাশিও বাড়তে পারে।

জেফারিজের বিশ্লেষকেরা মনে করছেন, স্বল্পমেয়াদে তেল ও এলএনজির দাম অনেকটা বাড়তে পারে। তবে অচলাবস্থা খুব বেশি দীর্ঘ হবে না। 

ভারতের মোট প্রবাসী জনসংখ্যার প্রায় অর্ধেক কাজ করেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ছবি: রয়টার্স

ভারতের মোট প্রবাসী জনসংখ্যার প্রায় অর্ধেক কাজ করেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে

প্রবাসী আয়

ভারতের প্রবাসী জনসংখ্যা গত কয়েক দশকে নাটকীয়ভাবে বেড়েছে।

১৯৯০ সালে প্রায় ৬৬ লাখ ভারতীয় বিদেশে থাকতেন। এখন সেই সংখ্যা বেড়ে প্রায় ১ কোটি ৮৫ লাখে দাঁড়িয়েছে, যা বিশ্বের সবচেয়ে বড় প্রবাসী জনগোষ্ঠী।

এর মধ্যে প্রায় এক কোটি ভারতীয় উপসাগরীয় সহযোগিতা পরিষদের ছয়টি দেশে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনে কাজ করেন। তারা ভারতের মোট প্রবাসী জনসংখ্যার প্রায় অর্ধেক।

কয়েক দশক আগে এই ভারতীয়রা অস্থায়ী শ্রমিকের কাজ নিয়ে সেখানে গেলেও এখন অনেকে স্থায়ীভাবে বসবাস করছেন। 

২০২৫ সালে শুধু সংযুক্ত আরব আমিরাতেই দুই লাখ ৪৭ হাজারের বেশি ভারতীয় শিক্ষার্থী স্কুলে ভর্তি হয়েছে। সৌদি আরব, কাতার ও কুয়েতেও রয়েছে উল্লেখযোগ্য সংখ্যা শিক্ষার্থী। এতে বোঝা যায় অনেক ভারতীয় পরিবার এখন স্থায়ীভাবে সেসব দেশে বসবাস শুরু করেছে।

ভারত সরকারের জন্য এই জনগোষ্ঠীর নিরাপত্তা এখন একটি গুরুত্বপূর্‌ণ বিষয়। অর্থনৈতিক দিক দিয়েও বিষয়টি গুরুত্বপূর্ণ।

২০২৪-২৫ অর্থবছরে ভারত ১৩৫ বিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

এই অর্থপ্রবাহ দিয়ে ভারত তার পণ্য বাণিজ্যের ঘাটতির প্রায় অর্ধেক মেটাতে পারে। রেমিটেন্সের এই অর্থ বিদেশি মুদ্রার রিজার্ভকেও শক্তিশালী করেছে। আর তাতে বড় ভূমিকা রাখছেন উপসাগরীয় দেশগুলোতে কর্মরত ভারতীয় শ্রমিকরা।

তারা নির্মাণ, সেবা, জ্বালানি খাতের পাশাপাশি দক্ষতাভিত্তিক বিভিন্ন পেশায় কাজ করেন এবং প্রতি বছর বিপুল অর্থ দেশে পাঠান। শুধু কেরালা রাজ্যই ভারতের মোট রেমিটেন্সের প্রায় এক-পঞ্চমাংশ যায়।

ওই অঞ্চলে দীর্ঘমেয়াদি সংকট দেখা দিলে প্রবাসীদের সরিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে, তাদের শিক্ষা ও কর্মসংস্থান ব্যাহত হতে পারে এবং দেশে অর্থপ্রবাহ কমে যেতে পারে।

দিল্লির জন্য উপসাগরীয় অঞ্চল শুধু তেল আমদানির জায়গা নয়; জীবিকা, পারিবারিক আয় এবং বৈদেশিক মুদ্রার বড় উৎস। 

তিরুবনন্তপুরমভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের এস ইরুদায়া রাজন বলেন, “উপসাগরীয় অঞ্চল নিরাপদ আশ্রয়স্থল বলে যে ধারণা ছিল, তা এখন নড়বড়ে হয়ে গেছে।

“যুদ্ধের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব তাদের ওপর পড়ছে। বিদেশে থাকা সন্তানদের নিয়ে ভারতীয় অভিভাবকরাও উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে দেশে ফেরার কথা ভাবছেন অনেক অভিবাসী।”

ইরানের চাবাহার বন্দরে বিনিয়োগ রয়েছে ভারতের। ছবি: রয়টার্স

ইরানের চাবাহার বন্দরে বিনিয়োগ রয়েছে ভারতের

চাবাহার বন্দর

ইরানের চাবাহার বন্দর ভারতের জন্য ছিল পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পৌঁছানোর একটি কৌশলগত প্রবেশদ্বার। সেই বন্দর এখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছে।

২০১৬ সালে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর দিল্লি এই বন্দরকে আঞ্চলিক যোগাযোগ কৌশলের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবেই দেখে আসছিল।

সাম্প্রতিক বছরগুলোতে ভারত এই বন্দর ব্যবহার করে আফগানিস্তানে গম ও মানবিক সহায়তা পাঠিয়েছে। পাশাপাশি বন্দরের শহীদ বেহেশতি টার্মিনাল উন্নয়নে বিনিয়োগ করেছে।

কিন্তু ইরানের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র ২০২৫ সালের সেপ্টেম্বরে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলে ভারতের জন্যও পরিস্থিতি অনিশ্চিত হয়ে ওঠে।

পরে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে ওয়াশিংটন ভারতকে শর্তসাপেক্ষে ছয় মাসের ছাড় দেয়, যাতে ২০২৬ সালের ২৬ এপ্রিল পর্যন্ত টার্মিনালের কার্যক্রম চালু রাখা যায়। তাতে সাময়িক স্বস্তি মিললেও অনিশ্চয়তা কাটেনি।

পরিস্থিতি আরও জটিল করেছে নতুন করে শুরু হওয়া যুদ্ধ।

পান্তের মতে, ইরানকে ঘিরে উত্তেজনা কমলে তবেই ভারত আত্মবিশ্বাসের সঙ্গে চাবাহার প্রকল্পে ফিরে যেতে পারবে। ওয়াশিংটন-তেহরান সংঘাত চলতে থাকলে বাস্তব ও পরিচালনাগত সীমাবদ্ধতার কারণে ওই বন্দরের সঙ্গে ভারতের সম্পৃক্ততা সীমিতই থাকবে।

ভারত সংলাপ ও উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে যাবে। তবে আরব বিশ্বে যা ঘটছে–তা নিয়ে দিল্লি এখন অনেক বেশি উদ্বিগ্ন বলে মনে করেন পান্ত।

২০২৫ সালে উপসাগরীয় অঞ্চল থেকে প্রায় ১০০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে ভারত, যার মধ্যে সার, পেট্রোকেমিক্যাল থেকে শুরু করে শিল্পের কাঁচামাল রয়েছে। কৃষি, প্লাস্টিক, নির্মাণ ও হীরাকাটার মতো খাতগুলো এই আমদানির ওপর নির্ভরশীল।

ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা এবং গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রধান অজয় শ্রীবাস্তব বলেন, হরমুজ প্রণালির সংকট এক সপ্তাহের বেশি স্থায়ী হলে এর প্রভাব জ্বালানি বাজার ছাড়াও বিভিন্ন খাতে পড়বে। আর সেটা হবে ভারতের অর্থনীতির জন্য বড় মাথাব্যথা।