২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পোশাক খাতের ৩ প্রদর্শনী শুরু

এতে ১৫ দেশের এক হাজার ৫০০টি বুথের মাধ্যমে ৪৫০টিরও বেশি ব্র্যান্ড তাদের পণ্য প্রদর্শন করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2026, 09:51 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

তৈরি পোশাক খাতের প্রযুক্তি পণ্যের চার দিনের প্রদর্শনী রাজধানী ঢাকায় শুরু হয়েছে।

কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বুধবার শুরু হওয়া এ প্রদর্শনী শনিবার শেষ হবে।

‘জিটিবি ২০২৬’ (গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ) শীর্ষক এ প্রদর্শনীর পাশাপাশি সেখানে চলছে ‘গ্যাপেক্সপো ২০২৬’ এবং বাংলাদেশ ইয়ার্ন ফ্যাব্রিক্স অ্যাক্সেসরিজ প্রদর্শনী।

এতে ১৫ দেশের এক হাজার ৫০০টি বুথের মাধ্যমে ৪৫০টিরও বেশি ব্র্যান্ড তাদের পণ্য প্রদর্শন করছে। পোশাক শিল্পের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, অ্যাক্সেসরিজ, প্যাকেজিং, ইয়ার্ন ও ফেব্রিকস এতে প্রদর্শন করা হচ্ছে।

প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।

প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এএসকে ট্রেডশো অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) যৌথভাবে এটি আয়োজন করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান, বিজিএপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার, এফবিসিসিআইর প্রশাসক আবদুর রহিম খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার ও এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া।