২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাড়ি বাজারে নারীর মেলা

যত কেনাকাটাই হোক না কেন, অনেক বাঙালি নারী ভাবেন শাড়ি ছাড়া ঈদের কেনাকাটা অপূর্ণই থেকে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হাসিবা আলী বর্ণা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 08:24 PM

Updated : 12 Oct 2022, 04:01 PM

ঈদের বিকেল বা সন্ধ্যায় নতুন শাড়ি পরে ঘুরতে না বেরুলে নগর-শহরের অনেকের ঈদের আনন্দ মাটি হয়ে যায়।

ঈদ বাজারের শেষ সপ্তাহে শাড়ির দোকানে তরুণীসহ সববয়সী নারীদের উপচেপড়া ভিড় শাড়ির বিপুল চাহিদারই প্রতিধ্বনি যেন।

সোমবার ঈদ বাজার ঘুরে শাড়ির দোকানে যেন ঠাঁই মিলছে না। পছন্দের শাড়ির সঙ্গে মানানসই অলঙ্কার ও আনুষাঙ্গিক কেনাকাটার ধুম পড়েছে রাজধানীর বিপণী বিতানগুলোতে।

তরুণী থেকে শুরু করে মধ্যবয়সীদের আনাগোনায় জমজমাট রাজধানীর গাউছিয়া মার্কেট, নিউ মার্কেট, বসুন্ধরা সিটি মার্কেট, মিরপুর রোডের শপিংমলগুলোর শাড়ির দোকান।

বেইলি রোড এবং মিরপুর বেনারসি পল্লীতে সাধ ও সাধ্য মিলিয়ে শাড়ি কিনতে ক্রেতার ভিড়। দেশি তাঁত, জামদানি, টাঙ্গাইল শাড়ির পাশাপাশি সিল্ক, কাতানও বিক্রি হচ্ছে প্রচুর।

Image
ঈদের শেষ মুহূর্তে পছন্দের জিনিসটি খুঁজতে ক্রেতারা ঘুরে দেখছেন বিভিন্ন শোরুম। ছবিটি রাজধানীর মিরপুর থেকে তোলা। ছবি: আসিফ মাহমুদ অভি

ঈদের শেষ মুহূর্তে পছন্দের জিনিসটি খুঁজতে ক্রেতারা ঘুরে দেখছেন বিভিন্ন শোরুম। ছবিটি রাজধানীর মিরপুর থেকে তোলা। ছবি: আসিফ মাহমুদ অভি

গাউছিয়ার শাড়ি বিক্রেতা মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব বয়সী ক্রেতা বিবেচনায় রেখে আমরা সব ধরনের শাড়ি সংগ্রহে রাখি। রোজার মাঝামাঝিতে এসে শাড়ির বেচাকেনা আগের চেয়ে বেড়েছে। কাপড় এবং নকশার উপর ভিত্তি করে শাড়ির দাম চাওয়া হচ্ছে।”

অন্যদিকে বুটিক হাউজগুলোতে দেশীয় তাঁতের শাড়িসহ বিভিন্ন নকশার সুতি শাড়ির কদর তরুণীদের কাছে দিন দিন বাড়ছে।

শাড়ির সঙ্গে মানিয়ে তৈরি করা সৌখিন ব্লাউজও পাওয়া যাচ্ছে বুটিকহাউসগুলোতে। সম্প্রতি বুটিকগুলোতে রাখা অকর্ষণীয় নকশা ও কারুকাজে তৈরি ব্লাউজের প্রতি তরুণী ক্রেতাদের মনোযোগ বেড়েছে। জরি, চুমকি লাগানো ও কারচুপির কাজ করা ব্লাউজগুলো যেন শাড়ি কেনার প্রতি অকর্ষণকে আরও বাড়িয়ে তুলেছে।    

শাড়ির রঙের ক্ষেত্রে মৌসুমের সঙ্গে মানানসই উজ্জ্বল নীল, ম্যাজেন্টা অথবা হলুদ- এসব রঙের প্রাধান্য দেখা গেছে মার্কেট ঘুরে।

এবার সিল্ক, এন্ডি, ধুপিয়ান এসব শাড়িতে কাঁথাফোঁড় আর সুতার রঙ্গিন কারুকাজ ফুটিয়ে তুলেছেন ডিজাইনাররা। দরদামও হাতের কাছেই আছে বলে দাবি বুটিক হাউসগুলোর।

পুরাতন ও জনপ্রিয় বুটিকহাউজ অঞ্জনস এর প্রধান নির্বাহী ও ডিজাইনার শাহীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গরম ও বর্ষা বিবেচনায় রেখে এবার শাড়ির ‘কালেকশন’ রাখা হয়েছে।

“ন্যাচারাল ফাইবার, কটন ও সিল্কের মধ্যে ব্লক ও স্ক্রিন প্রিন্ট এবং এমব্রয়ডারির কাজ করা হয়েছে। তবে ঈদে তাঁত বা উইভিং ডিজাইনের শাড়ির চাহিদা বেড়েছে”, বলেন তিনি। 

রাজধানীর বেশ কয়েকটি দোকান ঘুরে দেখা যায়, দেশি তাঁতের দোকানগুলোয় সুতি শাড়ি এক হাজার থেকে চার হাজার, হাফ সিল্ক চার থেকে সাত হাজার এবং কাজ করা অন্যান্য শাড়ি ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

তবে দাম নিয়ে অস্বস্তি রয়েছে ক্রেতাদের।

Image
ঈদের শেষ মুহূর্তে পছন্দের জিনিসটি খুঁজতে ক্রেতারা ঘুরে দেখছেন বিভিন্ন শোরুম। ছবিটি রাজধানীর মিরপুর থেকে তোলা। ছবি: আসিফ মাহমুদ অভি

ঈদের শেষ মুহূর্তে পছন্দের জিনিসটি খুঁজতে ক্রেতারা ঘুরে দেখছেন বিভিন্ন শোরুম। ছবিটি রাজধানীর মিরপুর থেকে তোলা। ছবি: আসিফ মাহমুদ অভি

Image
রাজধানীর মিরপুর-১ নম্বরে সোমবার ঈদ কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ছবি: আসিফ মাহমুদ অভি

রাজধানীর মিরপুর-১ নম্বরে সোমবার ঈদ কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ছবি: আসিফ মাহমুদ অভি

চাকরিজীবী সুমনা শারমীন বলেন, দেশি পছন্দের শাড়ি মেলে সহজেই, কিন্তু বেনারসি বা জামদানি কিনতে গেলে বিক্রেতারা সুযোগ বুঝে অতিরিক্ত দাম চেয়ে বসেন ঈদ বাজারে।

“ঈদের দিন সকালে বা সারাদিনে বাসায় পরার জন্য বুটিক হাউজ থেকে তাঁতের সুতি শাড়ি কিনেছি ১১ শ’ টাকা দিয়ে। আর রাতে বেড়াতে বের হলে পরার জন্য চার হাজার দিয়ে বালুচুরি কিনেছি একটা। সুতি শাড়ির দাম ঠিক আছে। কিন্তু বালুচুরি, বেনারসি বা জামদানি শাড়িতে বিক্রেতারা অস্বাভাবিক দাম চান।

“অনেক দরদাম করতে হয়, দাম জানা না থাকলে ঠকতে হয়”, বলেন ধানমণ্ডি শংকরের বাসিন্দা সুমনা।

দাম কিছুটা বেশি হলেও ঈদে প্রিয়জনের জন্য সেরা জিনিসটিই কিনতে চান ক্রেতারা। শাড়ি কিনতে ঢাকার বেইলি রোডের টাঙ্গাইল শাড়ি কুটিরে এসেছিলেন ব্যাংকার মাহবুবুর রহমান।

পেয়াজ রঙের একটি জামদানি পছন্দ হলেও নাছোড়বান্দা বিক্রেতা ৭০০০ টাকা টাকা দাম হেঁকে বসেছে।

“দামটা বেশি, তবু কিনতে হল স্ত্রীর জন্য। এ বছর আগে থেকেই ঠিক করা ছিল- ঈদে জামদানি কেনা হবে”, বলেন তিনি।