ঈদে সব ব্যাংকের এটিএম বুথ চালু থাকবে
ঈদের ছুটিতে গ্রাহকদের সুবিধার্থে ব্যাংকগুলোর এটিএম বুথ, পিওএস ও ই-পেমেন্ট গেটওয়েসহ কার্ডভিত্তিক লেনদেন সার্বক্ষণিক চালু থাকবে।
মঙ্গলবার সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে গ্রাহকদের প্রয়োজনীয় অর্থ পাওয়ার সুবিধার্থে এটিএম বুথে পর্যাপ্ত পরিমাণে টাকা রাখারও নির্দেশ দেওয়া হয়।
বন্ধ বা অচল এটিএম বুথের সামনে অবশ্যই নোটিস লাগাতে বলা হয়েছে। অনিবার্য কারণে কোনো ব্যাংকের সব এটিএম বা পিওএস সেবা বন্ধ থাকলে তা তাৎক্ষণিকভাবে গ্রাহকদের জানাতে হবে।
এছাড়া ই-পেমেন্ট গেটওয়ে লেনদেনের ক্ষেত্রে গণমাধ্যমে সতর্কতামূলক প্রচারণার ব্যবস্থা করারও নির্দেশনা দেওয়া হয়।
লেনদেনের ক্ষেত্রে কোনো অবস্থাতেই যেন গ্রাহক হয়রানির শিকার না হয় তার ব্যবস্থা করতে বলা হয়েছে সার্কুলারে।
ঈদ উৎসব উপলক্ষে টানা তিনদিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে কেনাকাটার নগদ অর্থের প্রয়োজন হয় বলে ব্যাংকের কার্ডধারী গ্রাহকরা এটিএম বুথ ও পিওএস মেশিন বেশি ব্যবহার করে থাকেন।
