বুথে এটিএম চার্জ টানাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক
ব্যাংকের এটিএম বুথে সেবার মাশুল সম্বলিত তথ্য টানিয়ে রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে সেবা মাশুল সম্পর্কে না জানার ফলে অনেক ক্ষেত্রেই বিভ্রান্তির শিকার হচ্ছে।
এ অবস্থায় এনপিএসবিতে অন্তর্ভুক্ত ব্যাংকের সব এটিএম বুথে ভিন্ন ব্যাংকের কার্ডে অর্থ উত্তোলন, স্থিতি অনুসন্ধান এবং ক্ষুদ্র বিবরণী সংগ্রহের ক্ষেত্রে সেবা মাশুলের হার সুস্পষ্ট ভাবে টানিয়ে রাখার ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বর্তমানে ৩০টি ব্যাংক এই ন্যাশনাল পেমেন্ট সুইচের আওতায় রয়েছে।
বিআইবিএম এর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৫৬টি ব্যাংকের মোট ৫ হাজার ৬৬১টি এটিএম বুথ রয়েছে। এসব বুথের মাধ্যমে বছরে ৬৫ হাজার ৫০০ কোটি টাকার লেনদেন হয়।
এর মধ্যে কেবল ডাচ বাংলা ব্যাংকেরই সারা দেশে প্রায় আড়াই হাজার এটিএম বুথ রয়েছে। অধিকাংশ ব্যাংকই ডাচ বাংলার বুথ নেটওয়ার্ক ব্যবহার করে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৩ সাল পর্যন্ত দেশে ডেবিট কার্ডধারীর সংখ্যা ছিল ৭২ লাখ ৩২ হাজার ৫৫৪ জন। আর ক্রেডিট কার্ডধারীর সংখ্যা ৮ লাখ ৫৩ হাজার ২৮০টি।
