অন্য ব্যাংকের এটিএম ব্যবহারে খরচ যাবে গ্রাহকের
এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করলে প্রযোজ্য খরচের পুরোটাই গ্রাহকের পকেট থেকে কাটার সিদ্ধান্ত হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের এক সভায় এ সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ শিগগিরই এ বিষয়ে নির্দেশনা দেবে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।
ওই সভার সিদ্ধান্তের ভিত্তিতেই মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং ও প্রবিধি বিভাগ একটি সার্কুলার জারি করে, যাতে বলা হয় এখন থেকে এটিএম বুথ বসাতে কেন্দ্রীয় ব্যাংকের নুমোদন নিতে হবে না।
এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুললে বুথের মালিক ব্যাংককে ২০ টাকা দিতে হয় চার্জ বা ফি হিসাবে। বর্তমানে এর অর্ধেক দেন গ্রাহক; বাকি অর্ধেক তার ব্যাংক পরিশোধ করে।
গত ১৫ ডিসেম্বর ব্যাংকার্স সভায় প্রধান নির্বাহীরা বাংলাদেশ ব্যাংকের কাছে দাবি তোলেন, যেহেতু এই প্রক্রিয়ার সুবিধা গ্রাহক পান, সেহেতু খরচের পুরো টাকা তাদেরই দেওয়া উচিৎ।
সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকরা তাদের যুক্তি মেনে নেন।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ গত বছরের ১৮ মার্চ এক সার্কুলারে ন্যাশনাল পেমেন্ট সুইচ এর আওতাভুক্ত ব্যাংকগুলোর এটিএম বুথ ব্যবহারের বর্তমান ‘ফি’ ঠিক করে দেয়।
ওই সার্কুলারে বলা হয়, এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে মিনি স্টেইটমেন্ট দেখলে ৫ টাকা ফি দিতে হবে। এই ৫ টাকা ব্যাংক তার গ্রাহকের কাছ থেকে নিতে পারে, অথবা নিজেরাও শোধ করতে পারে।
বর্তমানে ৩০টি ব্যাংক এই ন্যাশনাল পেমেন্ট সুইচের আওতায় রয়েছে।
বিআইবিএম এর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৫৬টি ব্যাংকের মোট ৫ হাজার ৬৬১টি এটিএম বুথ রয়েছে। এসব বুথের মাধ্যমে বছরে ৬৫ হাজার ৫০০ কোটি টাকার লেনদেন হয়।
এর মধ্যে কেবল ডাচ বাংলা ব্যাংকেরই সারা দেশে প্রায় আড়াই হাজার এটিএম বুথ রয়েছে। অধিকাংশ ব্যাংকই ডাচ বাংলার বুথ নেটওয়ার্ক ব্যবহার করে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৩ সাল পর্যন্ত দেশে ডেবিট কার্ডধারীর সংখ্যা ছিল ৭২ লাখ ৩২ হাজার ৫৫৪ জন। আর ক্রেডিট কার্ডধারীর সংখ্যা ৮ লাখ ৫৩ হাজার ২৮০টি।
