২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল সেটের কর কমিয়ে ১০% আরোপের দাবি

মোবাইল হ্যান্ডসেটের উপর আরোপিত কর ১০ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছে আমদানিকারকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 08:30 PM

Updated : 12 Oct 2022, 03:54 PM

পুরনো খবর:

মোবাইল হ্যান্ডসেটের কর প্রস্তাব প্রত্যাহারের দাবি
মোবাইল সেটের দাম বাড়ছে

রোববার বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “পাশ্ববর্তী দেশগুলোর মতো এদেশেও মোবাইল হ্যান্ডসেটের উপর কর, মূসক ও সারচার্জসহ ৫ থেকে ১০ শতাংশের মতো একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য সবিনয়ে অনুরোধ জানাই, যা বর্তমানে মোট ২১.৭৫ শতাংশ আরোপিত রয়েছে।”

এতে বলা হয়, দেশের সর্বস্তরে ইন্টারনেট সেবা ছড়িয়ে দিতে স্মার্টফোনের বিকল্প নেই। মোবাইল হ্যান্ডসেটের কর কমিয়ে সহনীয় পর্যায়ে ধরা হলে মানুষের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া আরো সহজ ও গতিশীল হবে।

নিজস্ব গবেষণা উদ্ধৃত করে সংগঠনটি দাবি করেছে, কর বৃদ্ধির সাথে সাথে অবৈধ আমদানির প্রবণতা বৃদ্ধি পায়।

২০১৪ সালের জুলাই-সেপ্টেম্বরে দেশে ১৭ দশমিক ৫৩ কোটি ডলারের মোবাইল সেট আমদানি হয়, অক্টোবর-ডিসেম্বরে তা কমে ১০ দশমিক ৭৩ কোটি ডলারে নামে এবং এই বছরের জানুয়ারি-মার্চে তা আরো কমে ১০ দশমিক ২৮ কোটি ডলারে নেমে এসেছে ।

২০১৪-২০১৫ অর্থবছরে করের আওতা বৃদ্ধির ফলে গত বছরের জুলাই-সেপ্টেম্বরে তুলনায় এবছরের প্রথম তিন মাসে আমদানি ৪১ শতাংশ কমেছে বলে দাবি করেছে সংগঠনটি।

২০১৪-১৫ অর্থবছরে সরকার মোবাইল সেট আমদারি উপর কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২১ দশমিক ৭৫ শতাংশ (৫% কর + ১৫% মূসক + ১% সারচার্জ) আরোপ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ধরে নেওয়া যায় যে, বাড়তি মূল্য ভোক্তাদের র্স্মাটফোন ব্যবহারে বিমুখ করেছে অথবা অবৈধ পথে অনেক বেশি পণ্য আমদানি হচ্ছে, যা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।”