মোবাইল সেটের দাম বাড়ছে
নতুন অর্থবছরের বাজেটে আমদানির ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব হওয়ায় মোবাইল ফোন হ্যান্ডসেটের দাম বাড়তে যাচ্ছে।
সেই সঙ্গে সিমকার্ড প্রতিস্থাপনের ওপর ১০০ টাকা করের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার উত্থাপিত এই বাজেট নিয়ে আলোচনার পর আগামী ২৯ জুন তা পাস হবে।
অর্থমন্ত্রীর এই প্রস্তাব ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ‘অন্তরায়’ হিসেবে দেখছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশ (অ্যামটব)।
জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দেশীয় শিল্পের বিকাশে মোবাইল হ্যান্ডসেটে ভ্যাট আরোপের পদক্ষেপ নিয়েছেন তিনি।
“দেশে কিছু কোম্পানি উন্নত মানের মোবাইল ফোন সংযোজন করছে। তাদের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ মূসক দিতে হচ্ছে। অথচ আমদানি পর্যায়ে মোবাইল ফোনে শুধু ১০ শতাংশ শুল্ক প্রযোজ্য আছে।”
“এর ফলে দেশীয় সংযোজন কোম্পানিগুলো অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে,” বলে মোবাইল ফোন সেটের আমদানি পর্যায়ে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব করেন তিনি।
সিমকার্ড প্রতিস্থাপনের ওপর ১০০টা শুল্ক হারের প্রস্তাব করে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব হিসাবায়নে স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
“বর্তমানে মোবাইল অপারেটরদের সিমকার্ড ইস্যুর ক্ষেত্রে ৩০০ টাকা শুল্ক/করধার্য আছে এবং আগামীতেও বহাল থাকবে। প্রতিস্থাপিত সিমকার্ডের ওপর কোনো শুল্ক/কর আরোপিত নেই। ফলে রাজস্ব হিসাবায়নে জটিলতা সৃষ্টি হয়।”
অ্যামটব মহাসচিব টি আই এম নুরুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আগে থেকেই সিমকার্ডের ওপর ৩০০ টাকা শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলাম, তা প্রত্যাহার না করে প্রতিস্থাপিত সিমকার্ডের ক্ষেত্রে ১০০ টাকা হারে শুল্ক আরোপ করায় আরো জটিলতা সৃষ্টি হবে।
“এ সিদ্ধান্ত কারর্যকর হলে অপারেটর ও গ্রাহক উভয়ই ক্ষতির সম্মুখীন হবে এবং সরকার রাজস্ব হারাবে। কারণ এর ফলে এ সেক্টরে গ্রোথ কমে যাবে বলে আমি মনে করি।”
মোবাইল ফোন আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিরোধিতা করে নুরুল কবির বলেন, “দেশে বেশিরভাগ মানুষের ক্রয় ক্ষমতা কম, এর ফলে ডিজিটাল বাংলাদেশ লক্ষ্য পূরণে সমস্যা হবে।”
বিটিআরসির হিসাবে, গত এপিল মাস নাগাদ বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ১১ কোটির বেশি।
