২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল হ্যান্ডসেটের কর প্রস্তাব প্রত্যাহারের দাবি

মোবাইল হ্যান্ডসেট আমদানিতে প্রস্তাবিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) এবং সিম প্রতিস্থাপনের কর প্রত্যাহারের দাবি জানিয়েছে অপারেটর ও ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 06:35 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

অবৈধ পথে হ্যান্ডসেট আমদানি উৎসাহিত হবে বলে আশঙ্কা প্রকাশ করে বাজেট চূড়ান্তের সময় প্রস্তাবিত ভ্যাট বাদ দেয়ার সুপারিশ করেছেন ব্যবসায়ীরা।

বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে আলাদা সংবাদ সম্মেলনে সিম পরিবর্তনের (রিপ্লেসমেন্ট) জন্য প্রস্তাবিত ১০০ টাকা কর প্রত্যাহারের দাবিও জানায় অপারেটররা।

অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশ (অ্যামটব) এবং বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোটার্স অ্যাসোসিয়েশন এই সংবাদ সম্মেলন করে।

২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী দেশীয় শিল্প বিকাশের ‘স্বার্থে’ মোবাইল হ্যান্ডসেট আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট প্রস্তাব করেন। সেইসঙ্গে সিম প্রতিস্থাপনের ওপর ১০০ টাকা কর আরোপের প্রস্তাব করেন তিনি।

গত ৫ জুন সংসদে উপস্থাপিত এই বাজেট প্রস্তাব নিয়ে বর্তমানে আলোচনা চলছে। মাস শেষে আগামী ২৯ জুন পাস হওয়ার পর ১ জুলাই কার্যকর হবে নতুন বাজেট।

অ্যামটব সংবাদ সম্মেলনে সিমের ওপর নির্ধারিত ৩০০ টাকা ও সিম প্রতিস্থাপনে প্রস্তাবিত ১০০ টাকা কর তুলে নেয়া এবং কর্পোরেট কর কমানোর সুপারিশ জানায়।

অ্যামটব মহাসচিব টি আই এম নুরুল কবির বলেন, মোবাইল অপারেটরদের ১০০ টাকা আয়ের ৫৫ টাকাই বিভিন্ন ধরনের কর হিসেবে সরকারকে দেয়। প্রস্তাবিত বাজেটে আরো বেশি করারোপ করা হয়েছে, যা প্রত্যাহার করা না হলে বর্তমান দরে সেবা দেয়া কঠিন হয়ে পড়বে।

“ভর্তুকি দিয়ে মোবাইল সেবা সম্প্রসারণ আর সম্ভব হবে না। ব্যবসায় টিকে থাকতে অপারেটরদের পক্ষে সেবার মূল্য বাড়ানো ছাড়া উপায় থাকবে না।”

রবি’র চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “কর যত বাড়বে এ খাতের প্রবৃদ্ধি তত কমবে। কারণ তখন সিম বিক্রি কমে যাবে।”

গ্রামীণফোনের পরিচালক ইশতিয়াক হাসান চৌধুরী বলেন, অতিরিক্ত কর আরোপ মোবাইল খাতের বিকাশকে আরো বাধাগ্রস্ত করবে।

অ্যামটবের সংবাদ সম্মেলনে এয়ারটেলের চিফ অব কর্পোরেট অ্যাফেয়ার্স আশরাফ এইচ চৌধুরী, বাংলালিংকের ভারপ্রাপ্ত চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) শামসুদ্দিন আহমেদ ও সিটিসেলের সহকারী মহাপরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) নিশাদ আলী খান উপস্থিত ছিলেন।

অন্য সংবাদ সম্মেলনে বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা রফিকুল ইসলাম বলেন, বর্তমানে দেশে মোবাইল ফোনের চাহিদা বছরে দুই কোটির ওপরে, যার পুরোটাই আমদানি নির্ভর।

“এর ওপর সাড়ে ১৬ শতাংশ কর (অগ্রিম আয়কর সহ) বিদ্যমান । এর সঙ্গে আতিরিক্ত ১৫ শতাংশ মূসক ধরা হলে এ খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এতে অবৈধ পথে মোবাইল হ্যান্ডসেটের প্রবেশ বেড়ে যেতে পারে।”

আমদানি করা হ্যান্ডসেটের ওপর গত বছর প্রায় ২৫০ কোটি টাকা কর দেয়া হয়েছে বলে আমদানিকারকদের এই নেতা জানান।

রফিকুল বলেন, “দেশে কোনো কোম্পানি মোবাইল তৈরি বা সংযোজন করছে না। বাজারে প্রচলিত সব দেশি ব্র্যান্ড চীনে উৎপাদিত হ্যান্ডসেট সরবরাহ করছে।”

মোবাইল আমদানিকারকদের পক্ষ থেকে তিনটি প্রস্তাব রাখা হয়-  অন্যান্য প্রযুক্তি পণ্যের মতো মোবাইলের ওপর কর আরোপ করা অথবা প্রস্তাবিত অতিরিক্ত কর প্রত্যাহার করে পূর্বের কর বহাল রাখা অথবা সেট প্রতি নির্দিষ্ট হারে ১০০ টাকা করে কর ধার্য করা। 

রফিকুল বলেন, “দেশীয় কোম্পানিকে সুযোগ দিতে হলে উভয় ক্ষেত্রে কর হার সমান করা যায়। সরকার চাইলে দেশীয় উদ্যাক্তাদের বিশেষ প্রণোদনাও দিতে পারে।”

অ্যামটব মহাসচিব টি আই এম নুরুল কবির হ্যান্ডসেট আমদানিকারকদের সংবাদ সম্মেলনেও ছিলেন। এছাড়াও ছিলেন ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক, এফবিসিসিআইয়ের  তথ্যপ্রযুক্তি বিষয়ক পরিচালক শাফকাত হায়দার। 

পুরনো খবর:

মোবাইল হ্যান্ডসেটের কর প্রস্তাব প্রত্যাহারের দাবি
মোবাইল সেটের দাম বাড়ছে