জামদানিতে অধিকার এখন স্বীকৃত: মন্ত্রী
বাংলাদেশের জামদানি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়ায় এর উপর বাংলাদেশের অধিকারের বিষয়টি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলে দাবি করছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
সোমবার সংসদে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বাংলাদেশের পক্ষে একটি প্রস্তাব উত্থাপনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প জামদানি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের (ওয়ার্ল্ড হেরিটেজ) তালিকাভুক্ত হয়েছে। এর ফলে জামদানির ওপর বাংলাদেশের প্রশ্নে আন্তর্জাতিক একটি স্বীকৃতি পাওয়া গেল।”
তিনি বলেন, কোনো পণ্যকে নিজস্ব বলে তার মেধাস্বত্ব নিবন্ধনের জন্য আবেদন করতে হলে এ সংক্রান্ত দেশীয় আইন থাকতে হয়। যেটাকে বলা হয় ‘ভৌলগিক নির্দেশক’ আইন। ইতোমধ্যে তা প্রণয়ন হয়েছে।
ঢাকাই জামদানির মতো কুমিল্লার রসমালাই, নাটোরের কাঁচাগোল্লা, পদ্মার ইলিশের মতো দেশীয় ঐতিহ্য মেধা সম্পদ হিসাবে আইনি স্বীকৃতি দিতে ২০১৩ সালের ২৭ অক্টোবর ভৌগলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন-২০১৩ পাস হয়।
আরেকে প্রশ্নের জবাবে আমু জানান, আগামী অর্থবছরে বাংলাদেশে ২৮ লাখ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এরমধ্যে বিসিআইসির নিয়ন্ত্রাধীন সরকারি কারখানায় ১৪ দশমিক ৫৫ লাখ মেট্রিন টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
২০১৪-১৫ অর্থবছরের প্রতিবেদন অনুযায়ী বিএসএফআইসি নিয়ন্ত্রিত ১৫টি চিনি কলে ৪৮৩ কোটি ২০ লাখ টাকা লোকসান হয়েছে বলেও সংসদে জানান তিনি।
