বাজারে কারসাজির বিরুদ্ধে হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর
মজুদ যথেষ্ট রয়েছে জানিয়ে রমজানে নিত্য পণ্যের দামের হেরফের হবে না বলে ভোক্তাদের আশ্বস্ত করার পাশাপাশি বাজারের কোনো কারসাজির চেষ্টা চালানোর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রমজান শুরুর দুই সপ্তাহ আগে সোমবার রাজধানীতে টিসিবি ভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন। পাশাপাশি নিত্যপণ্যের দাম নিয়ে সংবাদ পরিবেশনেও সাংবাদিকদের সতর্ক থাকতে বলেছেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে চাহিদার তুলনায় পণ্যের মজুদ প্রায় দেড়গুণ রয়েছে। ফলে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কোনো সম্ভাবনা তিনি দেখছেন না।
“যদি চাহিদা হয় একশ, আমাদের মজুদ আছে দেড়শ’। এ অবস্থায় কৃত্রিম সঙ্কটের কোনো কারণ নেই। এ রমজানে নিত্য প্রয়োজনীয় কোনো পণ্যের দাম বাড়বে না।”
বৈঠকে আমদানিকারক প্রতিষ্ঠান মদিনা গ্রুপের চেয়ারম্যান, সংসদ সদস্য হাজি মো. সেলিম পণ্যের দাম বাড়বে না বলে মন্ত্রীকে আশ্বস্ত করেন।
“এক সময় ছিল যখন ব্যবসায়ীরা শুধু টাকার পেছনে দৌড়াত। এখন কিন্তু তারা সেবা করতে চান। আমার জানা মতে, বাজারে কোনো অস্বাভাবিক পরিস্থিতি নাই। গত বছর আমদানি প্রচুর ছিল, সেগুলোই এবছর বিক্রি হবে।”
মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, প্রতি বছর শবে বরাতের আগে মাংসের দাম নির্ধারণ করা হলেও এবছর এখনও তা হয়নি।
“তবে আমি এটুকু আশ্বস্ত করতে চাই, দাম মানুষের ক্রয়সীমাতেই থাকবে,” বলেন তিনি।
মোহাম্মদপুর টাউন হল বণিক সমিতির সভাপতি আবুল মোতালেব কাজলও নিত্য পণ্যের দাম সহনশীল রাখার প্রতিশ্রুতি দেন।
রমজানে নিত্য পণ্যের দাম সহনীয় রাখতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টিসিবি ইতোমধ্যে খোলা বাজারে পণ্য বিক্রি শুরু হয়েছে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদ, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বেশি লাভের আশা না করে সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যেই পণ্য বিক্রি করার আহ্বান জানান।
“যারা বাজারে কারসাজি করবে, তাদের উদ্দেশ্যে বলছি, মনে রাখবেন এটা আপনাদের জন্য কোনোভাবেই মঙ্গল বয়ে আনবে না। সুতরাং অহেতুক সমস্যা সৃষ্টি করবেন না। করলে সেটা ভালো হবে না,” একইসঙ্গে হুঁশিয়ারিও দেন তিনি।
বাজার পরিস্থিতি সহনীয় রাখতে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তোফায়েল বলেন, “অনেক সময় মিডিয়াতে দামের বিষয়ে কোনো সংবাদ পরিবেশন করা হলে তার প্রভাব বাজারে পড়ে। এ সংক্রান্ত সংবাদ পরিবেশনের সময় একটু সতর্ক থাকবেন।”
আগামী ১৭ জুন থেকে শুরু হতে পারে রমজান। প্রতিবছরই রমজানের আগে বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখার কথা বললেও শেষ পর্যন্ত কথা রাখতে ব্যর্থ হওয়ার নজির রয়েছে।
