খোলা বাজারে তেল-ডাল ছাড়ছে টিসিবি
রমজান উপলক্ষে খোলা বাজারে চিনি, মশুর ডালসহ পাঁচটি নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বৃহস্পতিবার থেকে সারাদেশে ১৭৪টি স্থানে ট্রাকে করে পাঁচটি পণ্য বিপণন শুরু হবে বলে টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
টিসিবির কর্মকর্তা হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকায় ২৫টি স্থানে, চট্টগ্রামে ১০টি স্থানে, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি স্থানে ও বাকি জেলা সদরে দুটি স্থানে ট্রাক যোগে খোলা বাজারে পণ্য বিক্রি শুরু হবে।
প্রাথমিকভাবে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর বিক্রি করা হবে বলে জানান তিনি।
টিসিবি জানিয়েছে, এক্ষেত্রে প্রতি কেজি চিনির দাম হবে ৩৭ টাকা। আর একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি চিনি কিনতে পারবেন।
প্রতি কেজি মশুর ডাল (নেপালি) বিক্রি হবে ১০৩ টাকা করে, একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি ডাল নিতে পারবেন। ছোলা বিক্রি হবে ৫৩ টাকা করে, একজন ক্রেতা সর্বোচ্চ তিন কেজি কিনতে ছোলা কিনতে পারবেন।
এছাড়া ১ ও ২ লিটার সয়াবিন তেলের বোতল প্রতি লিটার ৮৯ টাকা করে এবং ৫ লিটারের বোতল প্রতি লিটার ৮৮ টাকা করে বিক্রি হবে বলে জানিয়েছে টিসিবি।
একজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার তেল কিনতে পারবেন।
রাজধানীর বিপণনের স্থান
রাজধানীর জাতীয় প্রেসক্লাব, সচিবালয় গেট, কাপ্তান বাজার, শাপলা চত্বর, মতিঝিল, ফকিরাপুল বাজার ও আইডিয়াল জোন, দৈনিক বাংলা মোড়, শান্তিনগর বাজার, শাহজাহানপুর বাজার, বাসাবো বাজার, শেওড়াপাড়ায় খোলা বাজারে এসব পণ্য পাওয়া যাবে।
এছাড়া ছাপড়া মসজিদ ও পলাশী বাজার, মিরপুর-১২ নম্বর, খামারবাড়ি, ফার্মগেট, কলমিলতা সুপার মার্কেট, তেজকুনি পাড়া, মহাখালী কাঁচাবাজার, রামপুরা, মালিবাগ বাজার, আগারগাঁও বাজার, মুক্তিযোদ্ধা মার্কেট মিরপুর-১, কচুক্ষেত বাজার, মোহাম্মদপুর টাউনহল ও ঝিগাতলা কাঁচাবাজারেও এসব পণ্য মিলবে।
এর বাইরে মিরপুর-১০ গোলচত্বর, আব্দুল্লাহপুর বাজার, উত্তরা, গোপীবাগ কমিউনিটি সেন্টার, কালশী বাজার মোড় ও গোলাপশাহ মাজার এলাকায় খোলা ট্রাক থাকবে পণ্য বিক্রয়ের জন্য স্থান নির্ধারিত রয়েছে।
