আরও ড্যাশ-৮ খুঁজছে বিমান
অভ্যন্তরীণ রুটে যাত্রী সেবার মান বাড়াতে আরও একটি ড্যাশ-৮ উড়োজাহাজ খুঁজছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
প্রায় চার বছর বন্ধ থাকার পর গত ৬ এপ্রিল দেশের ভেতরে বিভিন্ন গন্তব্যে পাখা মেলে বিমান।
চালুর দুই মাসের মধ্যে অভ্যন্তরীণ রুটে ভালো সাড়া পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক কাইল হেইউড।
কাইল হেইউড বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে বলেন, “আমরা আরও একটি ড্যাশ-৮ উড়োজাহাজ বহরে যুক্ত করার সম্ভাবনাগুলো যাচাই করে দেখছি। এটি পেলে আমাদের বর্তমান অপারেশনের মান আরও উন্নত করা সম্ভব।”
“বর্তমানে বিভিন্ন গন্তব্যে আমাদের গড় লোড ফ্যাক্টর ৭০ থেকে ৭২ শতাংশ। মাত্র দুই মাস আগে শুরু করে আমরা যে সাড়া পেয়েছি তাতে আশা করা যায় আগামীতে এই লোড ফ্যাক্টর আরও বাড়বে।”
এভিয়েশনের পরিভাষায়, ‘লোড ফ্যাক্টর’ হলো একটি উড়োজাহাজের মোট আসনের বিপরীতে যাত্রীর সংখ্যা। সাধারণত ৬০ শতাংশের বেশি লোড ফ্যাক্টরকে এভিয়েশন ব্যবসায় লাভজনক ধরা হয়।
অবশ্য নতুন উড়োজাহাজ দিয়ে এখনই নতুন কোনো রুটে যাত্রী পরিবহনের ইচ্ছা নেই বলে জানান বিমান ব্যবস্থাপনা পরিচালক।
তিনি বলেন, “আমাদের প্রাথমিক উদ্দেশ্য থাকবে এই উড়োজাহাজ দিয়ে কিভাবে বর্তমান গন্তব্য গুলোতেই সিডিউল ঠিক রেখে ফ্লাইট পরিচালনা করা যায়।”
প্রায় চার বছর বন্ধ থাকার পর গত ৬ এপ্রিল অভ্যন্তরীণ পাঁচটি গন্তব্য কক্সবাজার, যশোর, রাজশাহী, সৈয়দপুর ও বরিশালে চলাচল শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এর পাশাপাশি চট্রগ্রাম ও সিলেটেও ফ্লাইট চালাচ্ছে প্রতিষ্ঠানটি। এসব গন্তব্যে এতদিন আন্তর্জাতিক ফ্লাইটের সংযোগ ফ্লাইটে যাত্রী পরিবহন করা হতো।
এই রুটগুলোতে ফ্লাইট চালানোর জন্য মিশরের স্মার্ট এয়ারের কাছ থেকে দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ পাঁচ বছরের জন্য ভাড়ায় এনেছে বিমান।
