স্বল্প দূরত্বের ফ্লাইট চালুর পথে বিমান
সংসদীয় কমিটির সুপারিশের পর অভ্যন্তরীণসহ স্বল্প দূরত্বের রুটগুলোতে ফ্লাইট চালানোর প্রস্তুতি শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এজন্য মিশরের ইজিপ্ট এয়ার থেকে দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ পাঁচ বছরের জন্য ড্রাই লিজ পদ্ধতিতে ভাড়ার প্রক্রিয়া চলছে বলে বিমানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বিমানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দেশে না থাকায় এই বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত ২৫ অগাস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে দুই মাসের মধ্যে বিমানকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করতে বলা হয়েছিল। এরপরই তার উদ্যোগ নেয় বিমান।
নাম প্রকাশ না করার শর্তে বিমানের ওই কর্মকর্তা বলেন, “দুটো উড়োজাহাজ পাওয়া গেছে। আজকালের মধ্যে চুক্তি হয়ে যাবে। এর পর হয়ত মাসখানেক সময় লাগতে পারে আনুষ্ঠানিকতাগুলো সারতে।”
জানুয়ারি থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর পরিকল্পনা থাকলেও তা শুরু করতে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।
ওই উড়োজাহাজ দুটি দিয়ে বন্ধ থাকা ঢাকা-ইয়াংগুন ও চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট চালুর পরিকল্পনার কথাও জানান ওই কর্মকর্তা।
উড়োজাহাজের অভাবে কয়েক বছর ধরে বিমানের অভ্যন্তরীণ রুটগুলো বন্ধ রয়েছে। সর্বশেষ ২০১১ সালে ঢাকা-কক্সবাজার রুটে চলাচল করা অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়।
গত বছরের নভেম্বরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েও তা বাস্তবায়নে ব্যর্থ হন বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল।
অভ্যন্তরীণ রুটে চালানোর জন্য দুটি টার্বো প্রপেলার জাতীয় উড়োজাহাজের খোঁজ করছিল বিমান। গত বছর থেকে বিভিন্ন সময়ে পাঁচবার উড়োজাহাজ ভাড়ার জন্য দরপত্র ডেকেও সাড়া পায়নি রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটি।
বিমানের কর্মকর্তা-কর্মচারীরা জানান, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় কম হওয়ায় স্বল্প দূরত্বে ফ্লাইট চালানোর জন্য টার্বো প্রোপেলার জাতীয় উড়োজাহাজ বাণিজ্যিকভাবে বেশি লাভজনক। এ ধরনের উড়োজাহাজে সাধারণত ৪৫ থেকে ৫০টি আসন থাকে।
বর্তমানে আন্তর্জাতিক ফ্লাইটের সংযোগ হিসেবে সিলেট এবং চট্টগ্রামে যাত্রী পরিবহন করে বিমান।
বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিলের পরিকল্পনায় সিলেট ও চট্টগ্রামে সকাল-সন্ধ্যা ফ্লাইটসহ কক্সবাজারে সপ্তাহে সাতটি ফ্লাইট চালানোর কথা ছিল। এছাড়া যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা হয়েছিল।
বাংলাদেশের চারটি বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেন্ট এয়ারওয়েজ, নভো এয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালালেও টিকিটের মূল্য ও সেবার মান নিয়ে যাত্রীদের অসন্তোষ রয়েছে।
