বিমানবহরে ভাড়ায় আসছে দুটি ড্যাশ-৮
অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বে চালানোর জন্য দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ ভাড়া করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মিশরের স্মার্ট এয়ারের সাথে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে বুধবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ড্রাই লিজ পদ্ধতিতে ৭৪ আসনের এই টার্বো-প্রপেলার উড়োজাহাজ দুটি আগামী পাঁচ বছর বিমানের বহরে যুক্ত থাকবে।
উড়োজাহাজ দুটো আগামী মার্চ মাসে বিমানের হাতে আসবে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাইল হেউড বলেন, “এ দুটি উড়োজাহাজ বহরে যুক্ত হলে বন্ধ থাকা অভ্যন্তরীণ রুটগুলোতে পুনরায় ফ্লাইট চালু করা যাবে। একইসঙ্গে সেবার মানও বাড়ানো সম্ভব হবে। আগামী ৬ এপ্রিল এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।”
সাধারণত দুই পদ্ধতিতে উড়োজাহাজ ভাড়া নেয়া হয়। দীর্ঘ মেয়াদের ইজারাকে বলা হয় ড্রাই লিজ, আর স্বল্প মেয়াদে হলে ওয়েট লিজ।
ড্রাই লিজ পদ্ধতিতে যে প্রতিষ্ঠান ভাড়া নিচ্ছে তারাই উড়োজাহাজটি নিজস্ব ক্রু দিয়ে পরিচালনা করে। রক্ষণাবেক্ষণের দায়িত্বও ইজারাগ্রহিতা প্রতিষ্ঠানের।
আর ওয়েট লিজ পদ্ধতিতে বিমানের ক্রু ও রক্ষণাবেক্ষণ দুটোই থাকে ইজারদাতা প্রতিষ্ঠানের হাতে।
বিমান কর্মকর্তারা জানান, স্বল্প দূরত্বে ফ্লাইট চালানোর জন্য ড্যাশ-৮, এটিআর-৭২ এর মতো টার্বো-প্রপেলার উড়োজাহাজগুলো বেশি উপযোগী। রক্ষণাবেক্ষণ ও জ্বালানি খরচ কম হওয়ায় এসব উড়োজাহাজ অর্থনৈতিকভাবেও বেশি লাভজনক।
বিমানের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “উড়োজাহাজ দুটি দিয়ে মূলত দেশের ভেতরে ফ্লাইট পরিচালনা করা হবে। পাশাপাশি স্বল্প দূরত্বে- যেমন কোলকাতা, ইয়াংগুন, ব্যাংককের এর মতো গন্তব্যে ফ্লাইট চালানোরও পরিকল্পনা রয়েছে।”
ড্যাশ-৮ দুটি পাওয়ার পর বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১২টিতে। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি এয়ারবাস এ ৩১০, দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর এবং দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ।
উড়োজাহাজের অভাবে কয়েক বছর ধরে বিমানের অভ্যন্তরীণ রুটগুলো বন্ধ রয়েছে। সর্বশেষ ২০১১ সালে ঢাকা-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়।
গত বছরের নভেম্বরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েও তা বাস্তবায়নে ব্যর্থ হন বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল।
উড়োজাহাজ ভাড়া করতে গত বছর থেকে বিভিন্ন সময়ে পাঁচবার দরপত্র ডেকেও সাড়া পায়নি রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটি।
বর্তমানে ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রামের পথে বিমান যাত্রী পরিবহন করলেও এসব ফ্লাইট চালানো হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংযোগ হিসেবে।
বিমানের সাবেক এমডি কেভিন স্টিলের পরিকল্পনায় সিলেট ও চট্টগ্রামে সকাল-সন্ধ্যা ফ্লাইটসহ কক্সবাজারে সপ্তাহে সাতটি ফ্লাইট চালানোর কথা ছিল। এছাড়া যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা হয়েছিল।
বাংলাদেশের চারটি বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেন্ট এয়ারওয়েজ, নভো এয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালালেও টিকিটের মূল্য ও সেবার মান নিয়ে যাত্রীদের অসন্তোষ রয়েছে।
