২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ এপ্রিল থেকে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট

প্রায় চার বছর বন্ধ থাকার পর অভ্যন্তরীণ পাঁচটি গন্তব্যে চলাচল শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 06:09 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

আগামী ৬ এপ্রিল থেকে কক্সবাজার, যশোর, রাজশাহী, সৈয়দপুর ও বরিশাল রুটে ফ্লাইট চলবে বলে বৃহস্পতিবার রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভাড়ায় আনা দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ দিয়ে প্রতি সপ্তাহে কক্সবাজারে ছয়টি, যশোরে পাঁচটি, রাজশাহী ও সৈয়দপুরে তিনটি এবং বরিশালে দুটি করে ফ্লাইট চালানো হবে।

এই পাঁচটি গন্তব্যে ফ্লাইট বন্ধ থাকলেও চট্টগ্রাম ও সিলেট রুটে বিমানের চলাচল ছিল। এই দুই রুটে এখন সপ্তাহে মোট ২৫টি অতিরিক্ত ফ্লাইট চালানো হবে।

অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বে চালানোর জন্য দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ ভাড়া করতে গত মঙ্গলবার মিশরের স্মার্ট এয়ারের সঙ্গে চুক্তি করে বিমান।

এ চুক্তির ফলে ড্রাই লিজ পদ্ধতিতে ৭৪ আসনের এই টার্বো-প্রপেলার উড়োজাহাজ দুটি আগামী পাঁচ বছর বিমানের বহরে যুক্ত থাকবে। উড়োজাহাজ দুটো আগামী মার্চ মাসে বিমানের হাতে আসবে ।

বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাইল হেউড বলেন, “আকাশ পথে বিভিন্ন শহরকে সংযুক্ত করার পাশাপাশি এ উদ্যোগ ব্যবসা ও ভ্রমণের জন্য ফলপ্রসূ হবে বলে আমরা আশা করছি। আমাদের আন্তর্জাতিক কাস্টমাররাও এখন থেকে দেশের অভ্যন্তরে স্বাচ্ছন্দ্যে ভ্রমণের সুযোগ পাবেন।”

ড্যাশ-৮ দুটি পাওয়ার পর বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১২টিতে। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি এয়ারবাস এ ৩১০, দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর এবং দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ।

উড়োজাহাজের অভাবে কয়েক বছর ধরে বিমানের অভ্যন্তরীণ রুটগুলো বন্ধ। সর্বশেষ ২০১১ সালে ঢাকা-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়।

গত বছরের নভেম্বরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েও তা বাস্তবায়নে ব্যর্থ হন বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল।

উড়োজাহাজ ভাড়া করতে গত বছর থেকে বিভিন্ন সময়ে পাঁচবার দরপত্র ডেকেও সাড়া পায়নি রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটি।

বর্তমানে ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রামের পথে বিমান যাত্রী পরিবহন করলেও এসব ফ্লাইট চালানো হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংযোগ হিসেবে।

বিমানের সাবেক এমডি কেভিন স্টিলের পরিকল্পনায় সিলেট ও চট্টগ্রামে সকাল-সন্ধ্যা ফ্লাইটসহ কক্সবাজারে সপ্তাহে সাতটি ফ্লাইট চালানোর কথা ছিল। এছাড়া যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা হয়েছিল।

বাংলাদেশের চারটি বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেন্ট এয়ারওয়েজ, নভো এয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালালেও টিকিটের মূল্য ও সেবার মান নিয়ে যাত্রীদের অসন্তোষ রয়েছে।

পুরনো খবর:

বিমানবহরে ভাড়ায় আসছে দুটি ড্যাশ-৮