২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবি গ্রাহকরা পাবে ‘বিনামূল্য’ ইন্টারনেট

গ্রাহকদের প্রতিদিন বিনামূল্যে পাঁচ মেগাবাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে মোবাইল অপারেটর রবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 09:50 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

অপেরা মিনি ব্রাউজার ব্যবহারে এ সুযোগ পাওয়া যাবে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে প্রতিষ্ঠানটি।   

রবি ও অপেরা সফটওয়্যার যৌথভাবে বুধবার এক সংবাদ সম্মেলন করে।

অপেরা সফটওয়্যারের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট  সুনীল কামাথ বলেন, “বিনামূল্যে ইন্টারেনট সুবিধা উপভোগ করতে রবি গ্রাহকদের তাদের ফোনে অপেরা মিনি ব্রাউজার খুলে ‘ফ্রি ইন্টারনেট কুপন’ আইকনে ক্লিক করতে হবে।”

“এরপর একটি অ্যাক্টিভেশন পেজ খুলবে যেখান থেকে গ্রাহকরা ৫ মেগাবাইট ফ্রি ইন্টারনেট কুপন চালু করতে পারবেন। আর কুপনটির পৃষ্ঠপোষক বাংলাদেশের অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম।”

রবি গ্রাহক যাদের ফোনে অপেরা মিনি ব্রাউজার ইন্সটল করা নেই তারা m.opera.com থেকে বিনামূল্যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন।

রবির চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাবউদ্দিন আহমেদ বলেন, “সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের জন্য মানসম্মত ডাটা প্যাক প্রদান করতে রবি সব সময়ই নতুন মাধ্যম খুঁজে বের করছে। প্রতিদিন ৩০ হাজার রবি গ্রাহক অপেরা মিনিতে এ সুযোগ পাবে এবং ভবিষ্যতে এ সংখ্যা আরও বৃদ্ধির চেষ্টা করা হবে।”

তিনি জানান, ইন্টারনেট ব্যবহারের সময় ব্রাউজারটির মাধ্যমে ব্যবহারকারী এই সাশ্রয়ী ডাটা প্যাক কেনা ও চালু করা যাবে।

বর্তমানে রবির গ্রাহক সংখ্যা আড়াই কোটির বেশি।